শিরোনামহীন চিঠি —অয়েকপম অঞ্জু

by News Room

নিজেকে নিস্কলঙ্ক বলছি না। কারণ আজকের যান্ত্রিক এবং আধুনিকের মুখোশ পরা অত্যাধুনিক এ যুগে ভেজালদের সাথে এতোটাই পরিচিত হয়েছি যে নির্ভেজাল বলে কিছু একটা আছে তা-ই ভুলে গেছি। তাই বলে বলছি না তোমার এই আমি নষ্ট হয়ে গেছি কিংবা বদলে গেছি। আবার সাহস করে বলতেও পারছি না তোমার সেই আমি ঠিক আগেরটিই আছি। কারণ যদি তাই হতাম তবে শত দেওয়াল ডিঙিয়ে তোমার কাছে যাবার সাহসটা হারাতাম না। আজ নিজেকে সত্যিই কাপুরুষ মনে হচ্ছে। না,তোমার কাছে যেতে পারছি না সে ভাবনায় নয়। আমার মত করে নয় তোমাকে তোমার মত করে সাজিয়ে হৃদমন্দিরে স্থাপন করতে কিংবা সেরকম করে ধরে রাখতে পারবো না এই ভেবে।
মনে আছে? ভালো থাকাটাকে খুব প্রাধান্য দিয়ে বলতে “যা-ই হোক না কেন ভালো থাকলেই হলো”ভালো না থাকলেও তোমার কথাগুলোই কেমন করে যেন পেরে উঠতো ভালো রাখতে। আজ তোমাকে বলছি, ভালো থাকার মাঝে অনেক কিছু থাকলেও এমন কিছু পাওয়া যায় না যা আজ তোমার কিংবা আমার জন্য খুবই জরুরী। আজ কেন জানি মনে হচ্ছে ভালো থাকাটা নিজের উপর নির্ভর করে যে যেমনটি থাকতে চায়। সেখানে ভালো-মন্দের প্রভাব তেমন পড়ে না। জানি তুমি ভালো আছো। কারণ এ যুগের মেয়ে হয়ে ভালো থ্াকাটা তেমন অস্বাভাবিক কিছু না,তোমার কাছে তো অবশ্যই না। কিন্তু জানতে পারলাম না,আমায় ভুলে সত্যিই কি সুখী হতে পারছ? এ নিয়ে সন্দেহ হচ্ছে কারণ ভালো থাকাটা যতখানি স্বাভাবিক সুখীহওয়াটা ততখানি হয়ে উঠে না। না আমার.না তোমার।এখানে হয়তো তোমার প্রতি অতিরিক্ত বিশ্বাসের চিহ্ন প্রকাশ পাচ্ছে। মনে আছে? ধমকের সুরে প্রায়ই বলতে “অতিরিক্ত কোন কিছুই ভালো না।”তোমাকে ক্ষ্যাপাবার জন্যে শুধু শুধু পাগলামো করতাম। তোমার কথার মানেটা বুঝিনি। আজ মনে হচ্ছে আসলে তুমি ঠিকই বলেছিলে অতিরিক্ত কোন কিছুই ভালো না। “তুমি আমার” কথাটাকে শুধু বিশ্বাসেই সীমাবদ্ধ না “তুমি শুধুই আমার” বলে অতিরিক্ত বিশ্বাসের ছায়ায় আশ্রয় নিয়েছিলাম।তোমার সেই কথাটা শুনবার ক্ষমতা দিয়েছেন কিন্তু শুনামাত্র বুঝার কিংবা সময়মত কথার মানে বুঝার ক্ষমতা কেন দেননি ভেবে বিধাতাকে আজ সবচেয়ে বড় অবুঝ মনে হচ্ছে। সত্যি সত্যি মনে পড়ে সেদিনটির কথা। যেদিন অল্প আঘাতে ভেঙ্গে পড়ে সিগারেট হাতে নিয়েছিলাম আর তুমি বাজার থেকে অনেকগুলো সিগারেটের প্যাকেট এনে হাতে তুলে দিয়ে বলেছিলে যত খুশি খাবার জন্য। আরও বলেছিলে সিগারেট না প্রাণকেন্দ্রে নল দিয়ে তোমার রক্ত চুষে নিচ্ছি। তোমাকে হারিয়েছি ঠিকই কিন্তু তোমার সব স্মুতি,তোমার স্পর্শ সারাটি মুহূর্ত আমায় ঘিরে আছে যা এখনও বুক কাঁপায়।
আমার শূন্যস্থান কেউ পূরন করেছে কি না জানি না। যদি করে থাকে সে যেন পারে তোমাকে সম্পূর্ণ সুখে রাখতে যতখানি রাখতে ব্যর্থ হয়েছি এই আমি। আর যদি না করে থাকে তবে শুধু এটুকুই বলি আমায় এ ভুলে থাকা যেন পারে তোমাকে সুখী করতে।।

You may also like

Leave a Comment