অনলাইন ডেস্ক: যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, “যেহেতু তফসিল হয়ে গেছে, নির্বাচন প্রক্রিয়াও অনেক দূর এগিয়ে গেছে, সেহেতু এখন সমঝোতা হলেও বিএনপির দশম সংসদ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। তবে আলোচনা হতে পারে একাদশ সংসদ নির্বাচন নিয়ে।”
মঙ্গলবার সকালে সেতু ভবনে পদ্মা সেতু এপ্রোচ রোড নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে হয়তো কোনো সমাধান আসবে।”
দশম সংসদ নির্বাচন হওয়ার আগেই কি তাহলে একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হচ্ছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, “আমি সেটা জানি না। কিন্তু যা অবস্থা তাতে দশম সংসদ নির্বাচনে বিএনপিকে অ্যাডজাস্ট করার সুযোগ নেই। বাকিটা আপনারা বুঝে নিন।”
যোগাযোগমন্ত্রী বলেন, “পরিস্থিতি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে বৃহত্তর সমঝোতা হলে অনেক কিছুই সম্ভব। তবে দশম সংসদ নির্বাচনকে ঘিরে কোন কিছু করার সুযোগ নেই।”
তিনি বলেন, “আপনারা দেখেছেন, দশম সংসদ নির্বাচনের আগেই ১৫৪ জন ইতিমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তার মানে সরকার গঠনের ম্যন্ডেট অর্জিত হয়ে গেছে। এদের বিজয়ী ঘোষণা করা ছাড়া কোনো উপায়ও নেই। কিন্তু এটা কোনো সুখকর ঘটনা নয়।”
