সিলেটের খবর ডেস্ক:আগামী ২৯ ডিসেম্বর বিরোধী জোটের কর্মসূচি (মার্চ ফর ডেমোক্রেসি) নির্বাচনী সভা-সমাবেশ নয়। তাই এর অনুমতি দেয়া না দেয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) নয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের একথা বলেছেন।
তিনি বলেন, ‘এই কর্মসূচি নিয়ে আমাদের কিছু বলার নেই। এটা আইন-শৃঙ্খলা বাহিনীর বিষয়। তারা বিষয়টি দেখবে।’এছাড়া বড়দিনের ছুটিতে মধ্য জানুয়ারি পর্যন্ত ঢাকায় নিজেদের দূতাবাস বন্ধ থাকায় রাশিয়া নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে পারবে না বলেও জানান সিইসি।
এরআগে ইসির সঙ্গে দেখা করে ২৯ ডিসেম্বর বিএনপির ‘নির্বাচন প্রতিহতের’ কর্মসূচি ঘোষণা দেশের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ দাবি করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানায় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপ-মিটির আহ্বায়ক মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘খালেদা জিয়া ও তার দলের লোকেরা ২৯ ডিসেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে, যা সম্পূর্ণ অবৈধ। তাই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক বলে জানিয়েছি।’
