সমাজকর্মে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন জাকির হোসেন।
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রবাসী সম্মাননা প্রদান অনুষ্ঠান–২০২৫-এ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্য থেকে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১০০ জন প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় সিলেট সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে প্রবাসীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান।এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার,সিলেট জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার (সিলেট) এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর সম্মানিত কমিশনারসহ সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
এ গৌরবময় আয়োজনে জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন প্রবাসী সম্মাননার জন্য মনোনীত হন।
সম্মাননা প্রাপ্তির পর একই দিনে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জাকির হোসেন সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই সম্মান ভবিষ্যতে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, আত্মমানবতার সেবায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালে তিনি জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তাঁর একক পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ সংগঠনটি শিক্ষাখাতসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সংক্ষিপ্ত পরিচিতি
জাকির হোসেনের জন্ম ১৯৮১ সালে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। তিনি দক্ষিণভাগ এন.সি.এম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সিলেট এম.সি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। একই কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
২০০৭ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি এবং সেখানকার স্বনামধন্য Anglia Ruskin University থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের Walpole College of Business & Management-এ Admission Director হিসেবে কর্মরত আছেন।তিনি লন্ডন থেকে প্রকাশিত “বাংলা সংলাপ” পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি ব্রিটেনস্থ মুরারিচাঁদ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি, “নিরাপদ সড়ক চাই” যুক্তরাজ্য শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং এশিয়ান কমিউনিটি ডেভেলপমেন্ট ফোরাম ও ইকরা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যের ION TV কর্তৃক মানবসেবায় বিশেষ অবদানের জন্য ২০১৯ সালে Community Award অর্জন করেন।তিনি বিলেতে বাঙালির জীবন কথা নামক একটি গ্রন্থের রচয়িতা, যেখানে যুক্তরাজ্যে বসবাসরত বাঙালিদের জীবনযাপন, ইতিহাস ও ঐতিহ্য সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
ছাত্রজীবনে তিনি এম.সি কলেজস্থ বড়লেখা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ছিলেন এবং বিভিন্ন সাহিত্য সাময়িকীর সম্পাদনা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর একটি গবেষণাকর্ম ইতিপূর্বে প্রকাশিত হয়েছে।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর সহধর্মিণী মিসেস রুনা চৌধুরী। তাঁর পিতা আব্দুল জব্বার এবং মাতা জান্নাতুল নেছা খাতুন।
