নিউজ ডেস্ক: কয়েস লোদীকে সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশনের ১৩ জন কাউন্সিলর। বৃহস্পতিবার নগর ভবনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান কাউন্সিলরবৃন্দ। তারা বলেন, যে অভিযোগে মেয়র আরিফুল হক চৌধুরীকে বরখাস্ত করা হয়েছে, সেই একই অভিযোগে অভিযুক্ত কয়েস লোদী। অথচ তাকে পুরস্কৃত করা হচ্ছে। তাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব তাকে দায়িত্ব বুঝিয়ে না দেয়া।
বৃহস্পতিবার নগর ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কাউন্সিলরদের পক্ষ থেকে দাবি তুলে ধরা হয়। সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের কিছু নেতার ইন্ধনে মেয়র আরিফুল হককে কিবরিয়া হত্যা মামলায় জড়িয়েছে। সেই অশুভ শক্তিই কয়েস লোদীকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নগর ভবনকে অশান্ত করছে চাইছে। অশুভ জড়িতদের সাথে কারা জড়িত এ বিষয়টি এড়িয়ে যান কাউন্সিলর রেজওয়া। তবে, তিনি এদের ব্যাপারে সকলকে সর্তক থাকার পরামর্শ দেন।
রেজওয়ান আহমদ বলেন, কয়েস লোদীর বিরুদ্ধে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার হত্যা মামলার চার্জশিট হয়েছে। সিটি কর্পোরেশনের গত ১০ জুনের সভায় প্যানেল মেয়র-১ হিসাবে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। ১৮ জুন সিটি কর্পোরেশনের সভায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয়েছে। এ সংক্রান্ত কপিও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপরও তাকে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে প্রজ্ঞাপন জারির বিষয়টি দু:খজনক। তিনি বলেন, এ প্রজ্ঞাপনের পর থেকে সিটি কর্পোরেশন কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে।
সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, শহীদ মিনার আমাদের আবেগের জায়গা। সেই শহীদ মিনারে যারা আঘাত হেনেছে-তাদের মধ্য থেকে কাউকে প্যানেল মেয়র করা হলে সিলেটের জনগণ তা মেনে নেবে না। তিনি সিটি কর্পোরেশনকে নিয়ে খেলা বন্ধ করার জন্য ক্ষমতাসীন দলের নেতাদের প্রতি আহ্বান জানান।
কাউন্সিলর মখলিছুর রহমান কামরান বলেন, কয়েস লোদী যাতে পুরস্কৃত না হয়-সেদিকে সকলকে দৃষ্টি রাখতে হবে।
