সংসদ অকার্যকর, নেতাদের নৈতিকতা নিম্নমানের: সিপিডি

by News Room

ডেস্ক নিউজঃ বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলেছে, বাংলাদেশে রাজনীতিকদের দেশ পরিচালনার দক্ষতা ও নৈতিকতা অত্যন্ত নিম্নমানের।

বৃহস্পতিবার বিকেলে বৈশ্বিক সক্ষমতা প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠনটি একথা জানায়।

একই সঙ্গে আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সংসদ অকার্যকর বলেও মন্তব্য করেছে সিপিডি।

প্রতিবেদন প্রকাশের এই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উপস্থিত ছিলেন।

রাজনীতিকদের নৈতিকতা নিম্নমানের এমন বক্তব্যের বিষয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, রাজনৈতিকদের নৈতিকতা নিম্নমানের এর সঙ্গে আমি একমত নই।

তিনি বলেন, রাজনীতিবিদরাই দেশ চালান এবং চালাবেন। তাদের নিয়ে এ ধরনের বক্তব্য আসা অনুচিত।

সিপিডির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ অর্থনৈতিক সক্ষমতায় এগোলেও দুর্নীতি, সরকারি খাতের সঙ্গে ব্যক্তিখাতের দূরত্বের কারণে অনেক পিছিয়ে যাচ্ছে।

 

এছাড়া সরকার পরিচালনায় রাজনীতিকদের দক্ষতা ও নৈতিকতা নিম্নমানের। দেশকে এগিয়ে নিতে হলে বেশ কিছু ক্ষেত্রে সংস্কার আনা প্রয়োজন বলে জানানো হয় প্রতিবেদনে।

 

প্রতিবেদনে আরো বলা হয়, সরকারি সেবা খাতে উন্নয়ন, অবকাঠামো ও যোগাযোগ খাতে উন্নয়ন ঘটাতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় সংসদকে কার্যকর করতে হবে।

 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম। উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআই’র সাবেক সভাপতি একে আজাদ প্রমুখ।

You may also like

Leave a Comment