রাজনৈতিক অচলাবস্থা নিয়ে ইপির উদ্বেগ, সংলাপের তাগিদ

by News Room

বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফের সংলাপের তাগিদ দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট (ইপি)।

ইপির চার সদস্যের একটি প্রতিনিধিদল দুই দিনের বাংলাদেশ সফর শেষে বুধবার এক বিবৃতিতে ইপির এমন অবস্থানের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে প্রতিনিধি দলটি সাম্প্রতিক নির্বাচনের পর সৃষ্ট অবস্থার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।

একইসঙ্গে সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে ভোট জালিয়াতি ও সহিংসতার ঘটনায়ও উদ্বেগের কথা জানিয়েছেন ইপি প্রতিনিধিরা

বিবৃতিতে চলমান রাজনৈতিক অচলাবস্থা দূর করতে দুই প্রধান দলের মধ্যে সংলাপেরও তাগিদ দেয়া হয়েছে।

এতে বলা হয়, প্রতিনিধিদল উভয়পক্ষের সঙ্গে বৈঠকে গণতান্ত্রিক প্রতিনিধি নির্বাচনে মানুষের অধিকার অক্ষুণ্ন রাখার বিষয়ে নিজেদের দায়বদ্ধতার কথা প্রকাশ করেন।

এছাড়া নির্বাচন কমিশনের সামর্থ্য বাড়াতে ইইউ’র সহায়তার দিক উল্লেখ করে বিবৃতিতে প্রতিষ্ঠানটির স্বাধীনতা ও সক্ষমতা নিশ্চিত করতে হবে বলে জোর দেয়া হয়।

গত ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর ইউরোপীয় ইউনিয়নের কোনো প্রতিনিধিদলের এটিই ছিল প্রথম সফর। চার সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধিদের প্রধান জ্যাঁ ল্যামবার্ট।

প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এইচএম মাহমুদ আলী এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক করেন।

এছাড়া নির্বাচন কমিশন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও প্রতিনিধিদলের বৈঠক হয়।

You may also like

Leave a Comment