মন্ত্রীর ফোনে বিব্রত হাইকোর্ট বেঞ্চ

by News Room

ডেস্ক রিপোর্ট:সরকারের প্রভাবশালী এক মন্ত্রীর ফোনে যমুনা ব্যাংকের ঋণ সংক্রান্ত একটি মামলার বিচারকাজ পরিচালনায় অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। এ কারণে মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সোমবার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ বিব্রত হয়ে মামলাটি প্রধান বিচরপতির কাছে পাঠিয়ে দেওয়ার আদেশ দেন।

আদেশে বলা হয়, এ মামলায় তদবিরের জন্য একজন মন্ত্রী টেলিফোন করেছিলেন। এজন্য মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মামলার বাদী বরেন্দ্র ইন্টারন্যাশনাল কোম্পানির আইনজীবী আসাদুজ্জামান হাইকোর্টের এ আদেশের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়, যমুনা ব্যাংকের নিকট থেকে বরেন্দ্র ইন্টারন্যাশনাল কোম্পানি ৭০ লাখ টাকা ঋণ নেয়। ওই ঋণের দায় বেড়ে হয়েছে প্রায় ৮৪ লাখ টাকা। কিন্তু ওই কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক জমিটি এক কোটি ২০ লাখ টাকায় বিক্রি করে দেয়। পরে ব্যাংকের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলাটিই পরে হাইকোর্টে আসে।

মন্ত্রীর ফোনের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, এই প্রথম কোনো মামলার তদবিরের বিষয়টি প্রকাশ করা হলো। বিচারপতির কাছে এর আগে কোনো মামলার বিষয়ে তদবির করা হয়েছে কিনা তা জানা নেই।
তার মক্কেল তদবিরের জন্য ফোন করে থাকলে বরেন্দ্র কোম্পানির পক্ষে এই মামলা তিনি পরিচালনা করবেন না বলে জানান আইনজীবী আসাদুজ্জামান।

You may also like

Leave a Comment