রানা প্লাজার রেশমা এখন গার্মেন্টসে!

by News Room

ডেস্ক রিপোর্ট:রানা প্লাজার শুটিং চলছে তেজগাঁও-এর বাণিজ্যিক এলাকায়। একটি গার্মেন্টে সিনেমাটির শুটিং চলছে। এতে অংশ নিয়েছেন রেশমা চরিত্র রূপদানকারী পরী মনি। নতুন প্রযোজনা সংস্থা এএম মাল্টি মিডিয়ার প্রথম প্রযোজনাটি পরিচালনা করছেন নজরুল ইসলাম খান। এতে নায়কের ভূমিকায় অভিনয় করছেন সায়মন।

এ বিষয়ে সিনেমার নির্বাহী প্রযোজক সৌমিক হাসান সোহাগ জানিয়েছেন, ২ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানেই এর দৃশ্য ধারণ করা হবে। গার্মেন্টের ভিতরে এবং বাইরে বেশকিছু দৃশ্য ধারণ করা হবে। শ্রমিকদের সমাবেশ, মিছিল, গার্মেন্ট ভাংচুরসহ আরো কিছু দৃশ্যের শুটিং হবে এখানে।

সোহাগ আরো বলেন, ‘এরপর ৫ ফেব্রুয়ারি বিএফডিসিতে নির্দিষ্ট সেটে এর শুটিং হবে।’

তিনি জানান, বিএফডিসির চার নাম্বার ফ্লোরে সেট তৈরি করা হয়েছে। সেখানে শুটিং চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানে শুটিং শেষে পুরো শুটিং ইউনিট চলে যাবে গোপালগঞ্জের মোকছেদপুরে। সেখানে দুটি গানের দৃশ্যায়নসহ গ্রামের দৃশ্যের শুটিং হবে।

ছবিটিতে আরও অভিনয় করছেন, আবুল হায়াত, মিজু আহমেদ, কাবিলা, হাবিব খান, শিরিন আলম প্রমুখ। ছবির কাহিনী সংলাপ লিখেছেন মুজতবা সউদ। চিত্রগ্রহণ করছেন এ এইচ স্বপন। সংগীত পরিচালনা করছেন আলী আকরাম শুভ, শিল্প নির্দেশনায় আছেন কলন্তর, ব্যবস্থাপনার দায়িত্বে আছেন মান্নান।নির্মাণাধীন চলচ্চিত্রটির প্রথম নাম রানাপ্লাজা’র রেশমা  ঠিক করা হলেও, তা পরিবর্তন করে নামকরণ করা হয় রানাপ্লাজা। ছবির কাহিনি গড়ে উঠেছে সাভারের ভয়াবহ দুর্ঘটনা রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে। ছবিতে পরী মনি বিস্ময়কন্যা ‘রেশমা’র চরিত্রে অভিনয় করছেন। সায়মন অভিনয় করছেন তার স্বামীর চরিত্রে।

You may also like

Leave a Comment