নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের এক সপ্তাহ পর চূড়ান্তভাবে সাধারণ সম্পাদক পদে নিপুণকে জয়ী ঘোষণা করা হলো শনিবার। এর আগে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনের ফল ঘোষণা করা হয় ২৯ জানুয়ারি সকালে। এসময় সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের সাধারণ সম্পাদকের এ ফল নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে সংবাদ সম্মেলন করেন আরেক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। তার অভিযোগ, প্রতিদ্বন্দ্বী জায়েদ খান টাকা দিয়ে ভোট কিনেছেন; যেটা গঠনতন্ত্রের পরিপন্থী। টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ প্রমাণ হওয়ায় জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হলো নিপুণকে।
শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এমনটাই ঘোষণা করেন নির্বাচনের আপীল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান। একই অভিযোগে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত সদস্য চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হয়। আর সেই পদে বিজয়ী ঘোষণা করা হয় নাদির খানকে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে পক্ষপাতদুষ্ট হিসেবে আখ্যা দেন আপীল বোর্ডের প্রধান সোহান। তিনি জানান, রবিবার এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে সংবাদ সম্মেলন করে।
এর আগে পূর্বনির্ধারিত সূচি মতে, এদিন বিকেল সোয়া ৪টার দিকে সমর্থকদের বহর নিয়ে বিএফডিসি ঢোকেন নিপুণ। সবার মুখে স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। এসময় নিপুণের সঙ্গে ছিলেন সাইমন সাদিকসহ বিভিন্ন সমিতির সদস্যরা। শিল্পী সমিতির সামনে খোলা প্রাঙ্গণে নিপুণ অংশ নেন আপীল বোর্ডের প্রধান নির্মাতা সোহানুর রহমান সোহান ও সদস্য মোহাম্মদ হোসেনের সঙ্গে। এদিন বিবাদী জায়েদ খান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।
