সিলেটের খবর ডেস্ক: ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে ফের গর্জে উঠেছে শাহবাগ। হাজারো ছাত্র-জনতার জমায়েতে স্লোগানে-মিছিলে মুখরিত হয়েছে শাহবাগ। পাহাড়-সমতলে অব্যাহতভাবে ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে আন্দোলন চলছে।
গত ৫ অক্টোবর থেকে বিগত পাঁচ দিন ধরে এই আন্দোলন চলমান রয়েছে। সম্মিলিত ছাত্র-জনতার ডাকে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ এই ব্যানারে গতকাল (৯ অক্টোবর) শুক্রবার বেলা ৪টায় মহাবেশ হয়।

মহাসমাবেশের শুরুতেই উদীচী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, নাটনন্দনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠণের পরিবেশনায় ধর্ষণবিরোধী মিছিল, গান, কবিতা, পথনাটক ও স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ।
বাম-প্রগতিশীল ছাত্র, যুব, নারী, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠণের পাশাপাশি দেশের বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিকরাও সম্মিলিত ছাত্র-জনতার এ আন্দোলনে সামিল হয়েছেন। এতে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও অনেকে এসে যোগ দিয়েছেন। এ সময় তাদের নানা স্লোগান সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে সমাবেশে আসতে দেখা গেছে।
মহাসমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও চিকিৎসক সংগঠন সংহতি জানিয়েছে। এছাড়াও অন্যান্যদের মধ্যে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক তানজিম উদ্দিন খান, অধ্যাপক সামিনা লুৎফা এবং অধ্যাপক সাঈদ ফেরদৌস শাহবাগে উপস্থিত থেকে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
নোয়াখালির বেগমগঞ্জ ও সিলেটের এমসি কলেজে বর্বরোচিত ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে দানা বেঁধেছে এই ধর্ষণ বিরোধী আন্দোলন। পুর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এই মহাসমাবেশের মধ্য দিয়ে সুনির্দিষ্ট দাবি ও আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকর্মীরা।
