সিলেটের খবর ডেস্ক: পাহাড় ও সমতলে দেশব্যাপী ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে মহাসমাবেশ থেকে ৯ দফা দাবি পেশ করেছে আন্দোলনকর্মীরা। আজ (৯ অক্টোবর) বেলা ৪টায় রাজধানীর শাহবাগে উদীচী ও চারণ সাংস্কৃতিক সংগঠনের কবিতা, গান এবং নাটনন্দনের পথনাটকের মধ্য দিয়ে মহাসমাবেশ শুরু হয়।

পরবর্তী অধিবেশনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়ের সভাপিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ারের পরিচালনায় এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
মহাসমাবেশ থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্স আন্দোলনকারীদের ৯ দফা দাবি পেশ করেন।
ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে ৯ (নয়) দফা-
১। সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণ, নিপীড়ণ বন্ধ ও বিচারে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে অপসারণ করতে হবে।
২। পাহাড়-সমতলে আদিবাসী নারীদের ওপর সামরিক-বেসামরিক সকল প্রকার যৌন ও সামাজিক নিপীড়ণ বন্ধ করতে হবে।
৩। হাইকোর্টের নির্দেশানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর করতে হবে। সিডো সনদে বাংলাদেশকে স্বাক্ষর ও তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। নারীর প্রতি বৈষম্যমূলক সকল আইন ও প্রথা বিলোপ করতে হবে।
৪। ধর্মীয়সহ সকল ধরণের সভা-সমাবেশে নারী বিরোধী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে। সাহিত্য, নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপ্সথাপন বন্ধ করতে হবে। পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণে বিটিসিএল এর কার্যকর ভূমিকা পালন করতে হবে। সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চ্চায় সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করতে হবে।
৫। তদন্তকালীন সময়ে ভিকটিকমে মানসিক নিপীড়ন-হয়রানি বন্ধ করতে হবে। ভিকটিমের আইনগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৬। অপরাধ বিজ্ঞান ও জেন্ডার বিশেষজ্ঞদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে অন্তর্ভূক্ত করতে হবে। ট্রাইবুনালের সংখ্যা বাড়িয়ে অনিষ্পন্ন সকল মামলা দ্রুত নিষ্পন্ন করতে হবে।
৭। ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন ১৮৭২-১৫৫(৪) ধারাকে বিলোপ করতে হবে এবং মামলার ডিএনএ আইনকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে কার্যকর করতে হবে।
৮। পাঠ্যপুস্তকে নারীর প্রতি অবমাননা ও বৈষম্যমূলক যে কোন প্রবন্ধ, নিবন্ধ, পরিচ্ছদ, ছবি, নির্দেশনা ও শব্দ চয়ন পরিহার করতে হবে।
৯। গ্রামীন সালিশের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে।
আজকের এ ধর্ষণ বিরোধী মহাসমাবেশে বাম-প্রগতিশীল ছাত্র সংগঠণের নেতৃবৃন্দ, নারী ও সাংস্কৃতিক সংগঠণের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বক্তব্য প্রদান করেন।
