সিলেটের খবর ডেস্ক: বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা সাবিরুল ইসলাম বলেছেন, সংকীর্ণ দলীয় রাজনীতিতে বাংলাদেশের গণতন্ত্র বারবার বিপর্যস্ত হচ্ছে। অপার সম্ভাবনা সত্ত্বেও দেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এ অবস্থা থেকে তরুণেরা পৃথক সত্তা নিয়ে জেগে উঠতে পারে। কেবল তরুণেরাই পারে সঠিক ও ইতিবাচক কাজের মাধ্যমে গোটা সমাজ তথা দেশকে বদলে দিতে পারে।
রোববার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে সাবিরুল এসব কথা বলেন। মার্কেটিং ইনসাইড্স-এর সঙ্গে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে সিলেট সিটি করপোরেশন ও রোটারী ক্লাব অব ঢাকা রেডিয়েট। ‘ইনস্পায়ার ওয়ান মিলিয়ন’ কার্যক্রমের অংশ হিসেবে সাবিরুলের দেশব্যাপী এ বক্তৃতার সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)।
বিকেল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জের প্রাক্তন সভাপতি ফখরুদ্দিন আলী আহমদ ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন সেলিম। আয়োজকদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন নাইম জাকি চৌধুরী। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সামিয়া নওরিন চৌধুরী।
সাবিরুল জানান, তিনি বিশ্বের বিভিন্ন দেশে ‘ইনস্পায়ার ওয়ান মিলিয়ন’ কার্যক্রম চালাচ্ছেন, যার লক্ষ্য বিশ্বজুড়ে ১০ লাখ তরুণ উদ্যোক্তা তৈরি করা। সে লক্ষ্য এখন সফল সমাপ্তির পথে। তিনি এরই মধ্যে বিশ্বের অসংখ্য কলেজ-বিশ্ববিদ্যালয়সহ নানা প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে তরুণদের সামনে সফল হওয়ার কায়দাকানুন নিয়ে কথা বলেছেন। একই উদ্দেশে এবারও তিনি বাংলাদেশে এসেছেন।
‘তারুণ্যের ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার : নগরের কাজীটোলা এলাকার একটি অভিজাত রেস্তোরা মিলনায়তনে রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে ‘তারুণ্যের ক্যারিয়ার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূলপ্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি মূখ্যবক্তার বক্তব্য দেন তরুণ উদ্যোক্তা ও লেখক সাবিরুল ইসলাম। অনুষ্ঠানে সিলেটের পাঁচটি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি কলেজের চার শতাধিক শিক্ষার্থীসহ নগরের বিশিষ্টজনেরা অংশ নেয়।
সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ২০১৬-১৭ রোটারি বর্ষের নির্বাচিত গভর্নর সুফি মো. মিজানুর রহমানকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ জিয়াউস সামস। এতে বক্তব্য দেন রোটারিয়ান মো. আবদুল লতিফ, এম এ আওয়াল, মঞ্জুরুল হক চৌধুরী, এ বি এম ওয়াদুদ উল্লাহ, শফিক আহমদ বখত, নীরেশ চন্দ্র দাশ প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় বক্তৃতা করেন সাবিরুল ইসলাম। তিনি তরুণদের কর্মক্ষেত্রে সফল হওয়ার কলাকৌশল সম্পর্কে পরামর্শ দেন।
