আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য সরকারের গাজানীতির বিরোধিতা করে পদত্যাগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ মন্ত্রী সৈয়দা ওয়ারসি। ইসরায়েল ও হামাসের সংঘাতে সরকারের নীতিকে আর সমর্থন করতে পারছেন না উল্লেখ করে মঙ্গলবার পদত্যাগ করেন ওয়ারসি।
নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ওয়ারসি তার পদত্যাগের সিদ্ধান্ত প্রসঙ্গে লেখেন, ‘অত্যন্ত খোদের সঙ্গে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি। গাজা সঙ্কটে সরকারের নীতি আর সমর্থন করতে পারছি না।’
তবে মন্ত্রিপরিষদের পূর্ণ সদস্য হওয়ায় এখনও ব্রিটিশ মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নিতে পারবেন ওয়ারসি। তিনি তার দুই মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব ছাড়ছেন কিনা তা ঠিক পরিষ্কার নয়।
২০১০ সালে যুক্তরাজ্যের আইনসভার উচ্চকক্ষের সদস্য হিসেবে নিযুক্ত ওয়ারসি দেশটির প্রথম মুসলমান মন্ত্রী। তবে পরে পদমর্যাদা কমিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফেইথ অ্যান্ড কমিউনিটি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে।
ব্রিটিশ সরকার বারবার গাজায় দ্রুত অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে আসলেও ইসরায়েলের কর্মকাণ্ডকে অযৌক্তিক ঘোষণা না করায় বিরোধী লেবার পার্টির সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
এরআগে গত সপ্তাহে গাজার পরিস্থিতিতে ক্রমাগত অসহনীয় হয়ে উঠছে বলে মন্তব্য করেছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হামমন্ড। সূত্র : রয়টার্স।
