ওসি আতাউর ও শ্যামলের আপিল খারিজ

by News Room

ডেস্ক: পুলিশী হেফাজতে নির্যাতনের ঘটনায় হাইকোর্টের দেয়া আদেশের স্থগিতাদেশ চেয়ে ওসি আতাউর রহমান ও শ্যামল বণিকের পক্ষে করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। কোতোয়ালী থানার ওসি আতাউর রহমানসহ অন্য অভিযুক্তদের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাপিলেড ডিভিশনের চেম্বার জজ আদালতে মঙ্গলবার আপিল আবেদন করেন ওসি (তদন্ত) শ্যামল বনিক। দুই পক্ষের শুনানী শেষে আদালতের বিচারপতি সৈয়দ মো. মাহমুদ হোসেন আপিল আবেদন খারিজ করে দেন।

নির্যাতিত ছাতক পৌরসভার মেয়র কালাম আহমদ চৌধুরীর ভাই কামাল আহমদ চৌধুরীর পক্ষে হাইকোর্টে রিট আবেদনকারী তার ভাই শামীম আহমদ চৌধুরীর পক্ষে শুনানীতে অংশ নেন আইনজীবী আবদুন মতিন খসরু ও ফয়জুর রহমান।

তিনি জানান- গত ১৭ জুলাই সিলেট কোতোয়ালী থানা হেফাজতে কামাল আহমদ চৌধুরীকে নির্যাতনের ঘটনায় ২৪ জুলাই তার ভাই শামীম আহমদ চৌধুরী হাইকোর্টে রিট আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও হাবিবুল গণির সমন্বয়ে গঠিত বেঞ্চ কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান, ওসি (তদন্ত) শ্যামল বনিক, এসআই রহিম, কনস্টেবল অধীর চন্দ্র ও এএসআই তাহেরের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ডে পুলিশের আইজিপি ও সিলেট মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেন।

হাইকোর্টের এই আদেশের স্থগিতাদেশ চেয়ে মঙ্গলবার অভিযুক্তদের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাপিলয়েড ডিভিশনের চেম্বার জজ আদালতে আবেদন করেন। উভয় পক্ষের শুনানী শেষে বিচারপতি সৈয়দ মো. মাহমুদ হোসেন তাদের আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

You may also like

Leave a Comment