এমপিদের লেখাপড়া করে সংসদে আসা উচিত: ডেপুটি স্পিকার

by News Room

সিলেটের খবর ডেস্ক:জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, সংসদ সদস্যদের (এমপি) লেখাপড়া করে সংসদে আসা উচিত। কিন্তু অনেকেই তা করেন না।ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সংসদ বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্শশালায় প্রধান অতিথি ও রিসোর্স পারসনের বক্তৃতায় তিনি এ কথা বলেন।ফজলে রাব্বী বলেন, অনেক সংসদ সদস্যের পার্লামেন্টের ‘রুলস অব প্রসিকিউর’ সম্পর্কেও স্বচ্ছ ধারণা নেই। তাদের উচিত তা আয়ত্ব করা।

তবে বর্তমান সংসদে অনেক তরুণ সদস্য আছেন, যারা ভবিষ্যতে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।ডিআরইউ সংসদ বিষয়ক রিপোর্টিং কর্মশালার আয়োজন করায় এ সংগঠনকে ধন্যবাদ জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, পার্লামেন্টের পক্ষ থেকে এ কর্মশালার আয়োজন হওয়া উচিত ছিল।

তবে ভবিষ্যতে যাতে পার্লামেন্টের পক্ষ থেকে এমন কর্মশালার উদ্যোগ নেয়া যায়, সে বিষয়ে তিনি স্পিকারের সঙ্গে আলাপ করবেন বলেও জানান।

ফজলে রাব্বী সাংবাদিকদের বলেন, ‘আপনাদের লেখনীর মাধ্যমে জনগণকে দেশ গড়ার ও দেশের উন্নয়নের কাজে উদ্বুদ্ধ করুন, যাতে শেখ হাসিনার নেতৃত্বে আগামী ৩ বছরের মধ্যেই বাংলাদেশ উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারে।’কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও কালার স্টাইল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান মুকুল। সভাপতিত্ব করেন ডিআরইউ’র প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক কাজী সোহাগ।

You may also like

Leave a Comment