নিউজ ডেস্ক:সিলেট নগরীর উপশহর তেররতনে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুবলীগ নেতা শামীম ইকবাল ও ছাত্রলীগ নেতা দুলাল মিয়া গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একজন গুলিবিদ্ধ ও আরেকজন ছুরিকাহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়- গতকাল বৃহস্পতিবার যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিলেট সফরে আসেন। তার সফরকে স্বাগত জানিয়ে মিছিলে স্লোগান দেয়াকে কেন্দ্র করে উপশহর তেররতন এলাকায় যুবলীগ নেতা শামীম ইকবাল ও ছাত্রলীগ নেতা দুলাল মিয়া গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের জের ধরে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে যুবলীগ নেতা শামীম ইকবাল গ্রুপের নেতাকর্মীরা তেররতন বাজারে ছাত্রলীগ নেতা দুলাল মিয়ার দোকানে হামলা চালায়। খবর পেয়ে দুলাল গ্রুপের নেতাকর্মীরাও সংঘটিত হয়ে পাল্টা হামলা চালায়। এসময় উভয়পক্ষ কয়েক রাউন্ড গুলি বিনিময় করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উভয়পক্ষের সংঘর্ষে দুলাল গ্রুপের মান্নান নামক একজন ছুরিকাহত ও জামাল নামক আরেকজন গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শাহপরান থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, হামলার ঘটনায় দুইজন আহত হওয়ার খবর শুনেছি। তবে গোলাগুলির বিষয়ে কিছু জানা নেই।
উপশহরে যুবলীগ-ছাত্রলীগের ফের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২
152
