সিলেট সিটি কর্পোরেশনকে ধুমপানমুক্ত ঘোষণা

by News Room

সিলেটের খবর ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। রোববার বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী এ ঘোষণা দেন। সিলেট সিটি কর্পোরেশন ও সীমান্তিক তামাকমুক্ত প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবেরর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডসের উপদেষ্টা শরীফুল আলম ও নির্বাহী পরিচালক তাইফুর রহমান।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আজকের এ দিনটি সিলেট সিটি কর্পোরেশনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনকে তামাকমুক্ত করার বিষয়টিকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। তিনি বলেন, সোমবার থেকে ধুমপানমুক্ত সিলেট সিটি কর্পোরেশন কার্যকর হবে। সিটি কর্পোরেশনের দেয়ালে নোটিশ টাঙ্গানোর পাশাপাশি এক্ষেত্রে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটকে কাজে লাগানো হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে বিষয়টি নিয়ে কাজ করার জন্য তিনি সিটি কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিটি কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, তৌফিক বক্স লিপন ও জাহানারা খানম মিলন এবং সাংবাদিক শাহ সুহেল আহমদ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন-সীমান্তিকের তামাকমুক্ত প্রকল্পের নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহ চৌধুরী।

You may also like

Leave a Comment