আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে গাজায় ইসলামপন্থী হামাসের ‘বিজয়’ উদযাপনের জন্য জর্ডানের রাজধানী আম্মানে এক সমাবেশে অংশ নিয়েছেন লাখো জনতা।
জর্ডানের ইসলামপন্থী বিরোধী দল শুক্রবার এ সমাবেশের আয়োজন করে।
জর্ডানে মুসলিম ব্রাদারহুডের প্রধান হাম্মাম সৈয়দ জানান, আম্মানের পূবের তাবারবুর শহরে আয়োজিত এই সমাবেশে প্রায় ৫ লাখ লোক অংশগ্রহণ করেন।
নিরাপত্তা বাহিনীও স্বীকার করেছে যে অন্তত লক্ষাধিক জনতা সমাবেশে যোগ দেন।
অংশগ্রহণকারীরা ফিলিস্তিন ও জর্ডানের পতাকা নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় তাদের হাতে ছিল হামাসের রং।
হামাসের প্রতি সমর্থন জানিয়ে এ সময় তারা ‘গাজা বিজয়’ এবং ‘ প্রতিরোধ লড়াইয়ের কোনো বিকল্প নেই’ লেখা ব্যানার প্রদর্শন করেন।
তারা আরব নেতাদের প্রতি ফিলিস্তিনকে মুক্ত করারও দাবি জানান।
জনতা এ সময় হামাসের সামরিক শাখা এজেদ্দিন আল-কাসসাম ব্রিগেডের পক্ষেও স্লোগান দেন।
সমাবেশে ব্রাদারহড নেতা হাম্মাম সৈয়দ বলেন, ‘কাসসামের হে বীরেরা.. আল্লাহ তোমাদের কবুল করুন। তোমরা আলোচনার টেবিলে বিজয়ী হয়েছ, যুদ্ধেও তোমরা বিজয়ী।’
সমাবেশে কাসসাম ব্রিগেডের আদলে পোশাক পরে এবং নকল রকেট নিয়ে মুখোশ পরা লোকজন অংশগ্রহণ করেন।
গত ৮ জুলাই থেকে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হয়। এতে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজায় প্রায় দুই হাজার ফিলিস্তিনি নিহত এবং ১০ হাজার লোক আহত হয়েছেন।
তবে তা সত্ত্বেও খোদ ইসরাইলেই এ যুদ্ধকে ইসরাইলি বাহিনীর পরাজয় হিসেবে দেখা হচ্ছে।
গাজায় অন্তত ৬৪ ইসরাইলি সেনা নিহত এবং চার শতাধিক সেনা আহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরাইল। তবে হামাসের দাবি, অন্তত দেড় শতাধিক ইসরাইলি সৈন্য মারা গেছে গাজা আগ্রাসনে।
শেষ পর্যন্ত দৃশ্যমান কোনো সফলতা ছাড়াই গাজা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে বর্বর ইসরাইলি বাহিনী।
সূত্র: এএফপি
