200
ডেস্ক রিপোর্ট: দশম জাতীয় সংসদে স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে ফজলে রাব্বী মনোনয়ন পেতে যাচ্ছেন। আর দশম সংসদেও সংসদ উপনেতা হতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নবম জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
মঙ্গলবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের একাধিক সদস্য এ তথ্য জানিয়েছেন।
বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী প্রথম অধিবেশনের আগেই সংসদের স্পিকার নির্বাচন করতে হয়।
নবম সংসদের শেষ সময়ও স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন শিরীন শারমিন চৌধুরী। অন্যদিকে সৈয়দা সাজেদা চৌধুরীও নবম জাতীয় সংসদে সংসদ উপনেতা হিসেবে দ্বায়িত্ব পালন করেন।
