সোমবার বিক্ষোভ, ৪ মে দিনব্যাপী বিএনপির অনশন

by News Room

ডেস্ক রিপোর্ট: তিস্তা অভিমুখে লংমার্চের পর নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী আগামী সোমবার সারা দেশের জেলা, উপজেলা ও মহানগরে প্রতিবাদ বিক্ষোভ এবং ৪ মে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণ-অনশন পালন করা হবে।

শনিবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, বিচারবহির্ভূত হত্যা, গুম, অপহরণ বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

মির্জা ফখরুল বলেন, বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ড ও ভবিষ্যতে নির্বাচন থেকে দূরে রাখতে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। সরকারের নীলনকশা অনুয়ায়ী সারা দেশে চলছে হত্যা-গুম।

তিনি অভিযোগ করেন, গত কয়েক দিনে আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর ভয়াবহ নির্যাতন চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

You may also like

Leave a Comment