শুরু হয়েছে এইচএসসি-সমমানের পরীক্ষা

by News Room

নিউজ ডেস্ক:রাজনৈতিক অস্থিরতার কারণে এসএসসি-সমমানের ১৬ দিনের পরীক্ষা পরিবর্তিত সময়ে অনুষ্ঠিত হলেও উদ্ধেগ-উৎকন্ঠা নিয়ে নির্ধারিত সময়েই শুরু হয়েছে এইচএসসি-সমমানের পরীক্ষা। ২০ দলের ডাকা লাগাতার অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির মধ্যেই বুধবার সকাল ১০টায় দেশব্যাপী এইচএসসি-সমমানের প্রথম দিনের পরীক্ষা শুরু হয়েছে।
বেলা ১টা পর্যন্ত এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র, বাংলা (আবশ্যিক) প্রথম পত্র (ডিআইবিএস), আলিমে কুরআন, এইচএসসি (ভোকেশনাল) বাংলা-২, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) বাংলা-২, ডিপ্লোমা-ইন-কমার্সে বাংলা-২ পরীক্ষা চলবে।
দুই হাজার ৪১৯টি কেন্দ্রে এবার আট হাজার ৩০৫টি প্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে আট লাখ ৮৬ হাজার ৯৩৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪ হাজার ৩৬০ জন, কারিগরি বোর্ডের অধীনে অংশ নিচ্ছেন ৯৮ হাজার ২৪৭ পরীক্ষার্থী। এর বাইরে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে (ডিআইবিএস) চার হাজার ৩৪৪ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
এ ছাড়া দেশের বাইরে সাতটি কেন্দ্রে ২৪১ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
পরীক্ষার্থীদের মধ্যে পাঁচ লাখ ৭০ হাজার ৯৯৩ জন ছাত্র ও ৫ লাখ ২ হাজার ৮৯১ জন ছাত্রী।
এবার ১১ জুন পর্যন্ত তত্ত্বীয় ও ২২ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গতবারের চেয়ে এবার ২০১টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬৭টি পরীক্ষা কেন্দ্র বেড়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্র বাড়লেও এবার কমেছে শিক্ষার্থীর সংখ্যা। গত শিক্ষাবর্ষে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ শিক্ষার্থী।
এদিকে গত বছরের মতো এবারও ২৫টি পত্রে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া শ্রুতিলেখক নিয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী এবং বুদ্ধি ও শ্রবণপ্রতিবন্ধীরা অন্যবারের মতো এবারও বাড়তি ২০ মিনিট অতিরিক্ত সময় পাবেন।

You may also like

Leave a Comment