স্টাফ রিপোর্টার: ফিবোনাচি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াডের (FIRSO) বাংলাদেশ জাতীয় পর্ব ২০২৬-এ ব্যাপক সাফল্য অর্জন করেছে লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। গত ৪ সেপ্টেম্বর জাতীয় রাউন্ডের ‘মেজ সলভিং রোবট’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ৩৭তম ব্যাচের মাজেদুল ইসলাম নাঈম ও ৪৩তম ব্যাচের দিবাকর রায় দিব্য। একই বিভাগে রানার-আপ হয়েছেন ৪৩তম ব্যাচের মো. তারেক আহমেদ। অন্যদিকে ‘ডিসপ্লে অ্যান্ড এনট্রেপ্রেনিয়রশিপ হেলথটেক’ বিভাগে রানার-আপ নির্বাচিত হয়েছেন ৪৪তম ব্যাচের শ্রাবণ তালুকদার শুভ।
শিক্ষার্থীদের এই অনবদ্য সাফল্যে গভীর আনন্দ প্রকাশ করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। তিনি তাদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা, নিরলস নিষ্ঠা ও উদ্ভাবনী মানসিকতার ভূয়সী প্রশংসা করে এ ধারা অব্যাহত রাখতে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে উৎসাহিত করেন। ইইই বিভাগের প্রধান মো. নিয়াজ মোরশেদুল হকও অভিনন্দন বার্তায় বলেন, এই অর্জন কেবল একটি ট্রফি নয়, বরং উদ্ভাবননির্ভর শিক্ষণ-সংস্কৃতির বাস্তব প্রতিফলন। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, দলবদ্ধ প্রচেষ্টা ও অধ্যবসায়ের প্রশংসা করে বলেন, রোবোটিক্স ও ইন্টেলিজেন্ট সিস্টেম থেকে হেলথটেক ও উদ্যোক্তার ধারণাগুলো তারা কীভাবে কার্যকর সমাধানে রূপ দিয়েছে, তা প্রকৌশলবিদ্যার প্রকৃত চেতনাকে তুলে ধরে। লিডিং ইউনিভার্সিটি মনে করছে, এই সাফল্য আগামী দিনের গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে তাদের শিক্ষার্থীদের আরও উচ্চাকাঙ্ক্ষী করে তুলবে।
