স্টাফ রিপোর্টার : “গণিত নয় ভয়ের, গণিত হোক আনন্দের” এই স্লোগানকে ধারণ করে সিলেটে ফুলকুঁড়ি আসরের ৫ম ক্ষুদে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) সকালে সিলেট নগরীর আম্বরখানার মুহিবুর রহমান একাডেমিতে আয়োজিত এই উৎসবে প্রায় ৮ শতাধিক ক্ষুদে মেধাবী শিক্ষার্থী অংশ নেয় ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলার শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, শিশু সংগঠক মু. তৌহিদুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং ফুলকুঁড়ি আসরের সংগঠকবৃন্দ ।
সংখ্যা, সূত্র আর সমাধানের আনন্দে মুখরিত ছিল গণিত উৎসবের পুরো সময়। চতুর্থ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে গণিত অলিম্পিয়াড, ব্লাড গ্রুপিং, আর্ট এক্সিবিশন, প্রকাশনা স্টল, ফটোবুথ এবং ‘এসো ফুলকুঁড়ি জানি’সহ নানা ইভেন্টে অংশ নেয় । ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে একাডেমি প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে রূপ নেয় । গণিত অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হবে আগামী নভেম্বর মাসে । অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবে ফুলকুঁড়ি আসর ।
ফুলকুঁড়ি আসর বাংলাদেশের একটি জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন, যা ১৯৭৪ সালের ২৮শে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় । সংগঠনটি শিশু-কিশোরদের একতাবদ্ধ করে শিক্ষা ও শরীরচর্চামূলক কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যবান ও চরিত্রবানরূপে গড়ে তুলে দেশের সেবা করার উদ্দেশ্যে কাজ করছে ।

