রায় নিয়ে সমালোচনায় ক্ষুব্ধ ট্রাইব্যুনাল

by News Room

সিলেটের খবর ডেস্ক: টিভি টক শোসহ বিভিন্ন মাধ্যমে রায় নিয়ে ফ্রি স্টাইলে সমালোচনা হচ্ছে বলে অভিযোগ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন, পৃথিবীর অন্য কোনো দেশে রায় নিয়ে এমন ফ্রি স্টাইলে সমালোচনা হয় কি না আমাদের জানা নেই।

আদালত বলেন, ফৌজদারি আইনে কোনো মামলায় দুইপক্ষকে খুশি করার কোনো সুযোগ নেই। একটি রায়ের মাধ্যমে আসামিকে হয় খালাস দিতে হবে অথবা শাস্তি দিতে হবে। এতে দুই পক্ষ কখনোই খুশি হয় না।  তবে হ্যাঁ, ভুল আমাদেরও থাকতে পারে, সেজন্য আপিল বিভাগ রয়েছে।

ফ্রি স্টাইলে এভাবে আমাদের গালিগালাজ করলে আমরা যাবো কোথায়-প্রশ্ন করেন আদালত।

বৃহস্পতিবার জামায়াত নেতা এটিএম আজহারের মামলায় প্রসিকিউটর তুরিন আফরোজ যুক্তি উপস্থাপনকাল এক প্রসঙ্গে চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১  এসব কথা বলেন।

এক পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, গতকাল রাতে টেলিভিশনে সংসদ দেখছিলাম। আপনারা দেখেছেন কি না জানি না। সেখানে দেখলাম এক মহিলা বিচারপতিদের নিয়ে গালিগালাজ করছেন।

তখন আরেক বিচারপতি বলেন, মহিলা বলা ঠিক হবে না, মাননীয় সাংসদ বলতে হবে। বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করা কারো জন্যই মঙ্গল নয়।

এসময় ট্রাইব্যুনাল প্রসিকিউটর তুরিন আফরোজকে জিজ্ঞাসা করেন, এই সমালোচনার বিষয়ে আপনি কী বলেন। তখন তুরিন বলেন, বিচারপতিদেরকে নিয়ে সমালোচনা কখনোই কাম্য নয়। বিচারের পর আমাদেরকে নিয়েও সমালোচনা করা হয়। আমাদেরও বিচার করার কথা বলা হয়। আমরা কোথায় যাবো।

তুরিন আরো বলেন, আমরা আজহারের বিরুদ্ধে সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাই আদালতের কাছে তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি।

যুক্তি উপস্থাপনের শেষের দিকে তুরিন আফরোজ বলেন, “৭১’ সালে রংপুরে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, তার নেতৃত্বে থাকায় সুপিরিয়র রিসপনসিবিলিটি আজহারের ওপর বর্তায়। এ অপরাধ বিবেচনা করে তার সর্বোচ্চ শাস্তি দেবেন, এ আশা করছি।”

এ সময় আদালত বলেন, মামলার তদন্ত ঠিক মতো করবেন না, সাক্ষ্য গ্রহণ ঠিক মতো প্রমাণাদি না দিয়ে আমাদের ওপর চাপিয়ে দেন। আমাদের মাথায় তো বোঝা হয়ে যায়।

পরে যুক্তি উপস্থাপন শেষে জামায়াত নেতা এটিএম আজহারের মামলার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করে রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।

You may also like

Leave a Comment