রাশিয়ায় অন্তর্ভুক্ত হল ক্রিমিয়া

by News Room

শুক্রবার ক্রেমলিনে আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ করার আইনে সই করেন পুতিন। অনুষ্ঠানটি রাশিয়ার টেলিভিশনগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়।

ক্রিমিয়াকে রাশিয়ার প্রশাসনিক অঞ্চলের অন্তর্ভুক্ত করে একে ক্রিমিয়া ও সেভাস্তপোল নামের দুটি প্রশাসনিক এলাকায় ভাগ করা হয়।

পুতিনের সইয়ের মাধ্যমে ক্রিমিয়া রাশিয়ার অংশ হওয়ার সঙ্গে সঙ্গেই ক্রিমিয়ার রাজধানী সিমফেরোপলে আতশবাজি পোড়ানোর মাধ্যমে উৎসব শুরু হয়ে যায়। সিমফেরোপলের ৫৮ শতাংশ মানুষ জাতিগত রুশ।

“অনেক মানুষ আগের দেশের সঙ্গে ফিরে যেতে চেয়েছে, সোভিয়েত ইউনিয়নে নয়, আমাদের বড় দেশটিতে। সবকিছুতে উন্নতির ছোঁয়া লাগার ও রুশ বিনিয়োগের জন্য অপেক্ষা করছিলাম আমরা,” বলেন উৎফুল্ল ৩২ বছর বয়সী নারী আন্না জাভেতসেভা।

বাইরে জাতিগত রুশরা যখন উল্লাস করছিল, ক্রিমিয়ার জাতিগত ইউক্রেইনীয় ও তাতাররা ঘরে দরজা দিয়ে বসেছিল। পুরো নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেইনীয় সের্গেই আনন্দের কোনো কারণ দেখেন না। তিনি বলেন, “আমাদের দেশে দখলদারী একটি বাহিনীকে দিয়ে আমাদের নিজ দেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।”

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ব্যাপক প্রতিরোধ প্রচেষ্ট সত্ত্বেও ক্রিমিয়াকে নিজের অংশ করে নিল রাশিয়া। এতে করে এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করা পশ্চিমা শক্তিগুলো আরো ক্ষুব্ধ হয়ে নিষেধাজ্ঞার আওতা বাড়ানোর মতো কঠোর পদক্ষেপ নেবে বলে ধারণা করা হচ্ছে।

You may also like

Leave a Comment