পাক-ভারত সীমান্তে যুদ্ধের দামামা, নিহত ৪

by News Room

ডেস্ক: গত ১২ দিন ধরে পাক-ভারত সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে থেমে থেমে গোলাগুলি চলছে। দুই দেশের সীমান্তরক্ষীরা গুলির পাশাপাশি অত্যাধুনিক মর্টার ও কামানের গোলাও ছুড়েছে।

দুই দেশের এই গুলির লড়াইয়ে মূলত সীমান্তে যুদ্ধের উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার পাকিস্তানি সেনাদের গুলি ও মর্টারের আঘাতে ভারত-অধিকৃত কাশ্মিরে একই পরিবারের দুইজন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত।

অন্যদিকে পাকিস্তানের অভিযোগ, কোনো উস্কানি ছাড়াই ভারতীয় সেনারা তাদের দুই নাগরিককে হত্যা  এবং চারজনকে গুরতর আহত করেছে।

পাকিস্তান সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তার  জানিয়েছেন, শনিবার সকালে কোনো উস্কানি ছাড়াই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পাকিস্তানি সীমোন্তে হামলা চালায়। এতে এক মহিলাসহ দুইজন নিহত হন।

ভারত বলছে কাশ্মীর ও পাক সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল পাক সেনারা। শুক্রবার রাতে দুইজন গ্রামবাসী নিহত হয়েছে ও আরো চার জন আহত হয়েছে। এ নিয়ে গত ১২ দিনে তিনজন ভারতীয় নিহত হলো। এদের মধ্যে একজন সেনা রয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবর।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, শুক্রবার রাতে কাশ্মীরের অর্নিয়া ও আরএস পুরা সেক্টরের সীমান্তরক্ষী বাহিনীর ২২ নং পোস্ট লক্ষ্য করে দূরপাল্লার মর্টার শেল ও মাঝারি থেকে ভারি পাল্লার মেশিনগান থেকে গুলি ছোড়া হয়।

এ ঘটনায় শুক্রবার রাতেই গোটা বিষয়টি জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। শনিবার সকালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলিও বিষয়টি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে। ফোনে কথা হয়েছে বিএসএফ কর্তাদের সঙ্গেও। যদিও বিষয়টি নিয়ে দুই দেশের প্রধানের মধ্যে কোনও আলোচনা হয়েছে কি না জানা যায়নি৷

বিশেষজ্ঞ মহলের ধারণা, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাকে ধামাচাপা দিতেই নওয়াজ শরিফ সরকার কাশ্মীর সীমান্তে আক্রমণ চালাতে শুরু করেছে। কিছুদিন আগেই ভারতে নাশকতার দায়ে অভিযুক্ত আবদুল বশিতকে পাক হাইকমিশন থেকে বেরতে দেখা যায়। জল্পনা শুরু হয় বৈঠক নিয়ে। অভিযোগ ওঠে ভারতের শত্রু ও জঙ্গিদের সঙ্গে হাত মেলাচ্ছে পাকিস্তান।

কিছুদিন আগেই মোদির সঙ্গে পাক-শান্তি আলোচনাও বিঘ্নিত হয়।  নওয়াজ শরিফকে ‘ভারতের ক্রীতদাস নই’ বলেও মন্তব্য করতে শোনা যায়।

ওয়াকিবহালের মতে পাকিস্তানে ইমরান খানের আন্দোলনে নওয়াজের অবস্থান কোণঠাসা হয়ে যাওয়ার কারণেই আন্তর্জাতিক শক্তির নজর ঘোরাতে চাইছেন পাক প্রধানমন্ত্রী।

যেহেতু পাকিস্তানে কট্টর মৌলবাদীরাও এখন ইমরানের সমর্থনে নিজেদের বক্তব্য রাখছেন, তাই পাকিস্তানের নিজের পরিস্থিতি থেকে আন্তর্জাতিক শক্তিগুলির মনযোগ সরাতে চাইছেন নওয়াজ। একইসঙ্গে হাত মেলাচেছন ভারত-বিরোধী জঙ্গিগোষ্ঠীর সঙ্গেও।

পরিস্থিতি এতটাই গুরুতর পর্যায়ে পৌঁছেছে যে কাশ্মীরে দ্রূত কারগিল যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হচেছ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিএসএফ বলেছে,পাকিস্তানের হামলার জবাবে তারাও পাল্টা গুলি চালিয়েছে। পাক রেঞ্জাররা তাদের ঘাঁটি লক্ষ্য করে মর্টার ছুড়েছিল। বদলে তারাও গোলা ছুড়েছে পাক সীমান্তে। দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন স্হানীয় বাসিন্দা গুরুতর আহত হন। ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি। দুটি বসতবাড়ি পাক হামলায় সম্পূর্ণ ভেঙে গিয়েছে বলেও জানিয়েছে বিএসএফ।

এদিকে গত কয়েকদিনের হামলায় সীমান্ত এলাকায় বসবাসরত গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্তের বাসিন্দা নহর সিং জানিয়েছেন, পাক সেনাদের প্রচুর গোলা ছোড়ার ঘটনা ঘটেছে। বাড়িতে ছিলাম। গোলায় পা ভীষণভাবে জখম হয়েছে। বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্য এক বাসিন্দা বলবিন্দর সিং জানিয়েছেন, আমাদের নিরাপত্তার জন্য সরকারের উচিত অবিলম্বে পদক্ষেপ করা।

দিন কয়েক আগেই কারগিলে গিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “ভারতের সঙ্গে সম্মুখ সমরের ক্ষমতা নেই পাকিস্তানের। তাই তারা ‘ছায়াযুদ্ধে’র আশ্রয় নিচ্ছে। যুদ্ধবিরতি লংঘন করে সীমান্তে হামলা চালাচ্ছে।”

এদিকে, পাক অধিকৃত কাশ্মীর থেকে ৫০ মিটার লম্বা একটি সুড়ঙ্গ সীমান্ত পেরিয়ে এসেছে ভারতের মাটিতে। জম্মু-কাশ্মীরের চাকলা পোস্ট এলাকায় ভারতীয় সেনাবাহিনী শনিবার এই গোপন সুড়ঙ্গের হদিশ পেয়েছে।
নিরাপত্তার কারণে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। পাঠানো হয়েছে অতিরিক্ত বাহিনী।  সুড়ঙ্গটি কী কাজে ব্যবহার হত তা জানতে তদন্ত শুরু করেছে সেনাবাহিনী।

অন্যদিকে মোদি সরকারও পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার চিন্তাভাবনা করছে।  আর পাকিস্তান সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের আহবান জানিয়েছে।

২০০৩ সালে করা ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি প্রায়ই লঙ্ঘনের অভিযোগ করে আসছে দুই পক্ষ। সূত্র: ডন ও দৈনিক জাগরণ (হিন্দি)।

You may also like

Leave a Comment