‘ধুম ৪’-এ দীপিকা?

by News Room

সিলেটের খবর ডেস্ক:ধারণা করা হচ্ছে, ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চার নম্বর সিক্যুয়ালে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন! অন্তত অংক কষে তো সেই ধরনের হিসাবই মিলছে!

‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির সবগুলো সিনেমাতেই প্রধান অভিনেত্রীর চরিত্রে এতদিন যারা অভিনয় করেছেন, তাদের প্রত্যেকেই অভিনয়দক্ষতার পাশাপাশি অত্যন্ত গ্ল্যামারাস হিসেবে বলিউডে পরিচিত। আবেদনময়ভাবে নিজেদের উপস্থাপনেও তাদের কারোরই জুড়ি নেই! এই তালিকায় ছিলেন বলিউডের ‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত বিপাশা বসু, তারপর সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় এবং সর্বশেষ ‘বারবি ডল’খ্যাত ক্যাটরিনা কাইফ। আর এই অভিনেত্রীদের মতোই নিজের গ্ল্যামারাস লুক আর যৌন আবেদন ফুটিয়ে তুলতে জুড়ি নেই দীপিকা পাড়ুকোণেরও!

বর্তমানে বলিউডে সফলতম অভিনেত্রীর তালিকার সর্বোচ্চ স্থানটি দীপিকার। একদিন-দু’দিন নয়, দীর্ঘদিন ধরে নিজের এই অবস্থান ধরে রেখেছেন তিনি। ২০১৩ সালে তার মুক্তিপ্রাপ্ত সিনেমা- ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘গলিয়ো কি রাসলীলা: রাম-লীলা’, তিনটির ব্যবসায়িকভাবে এতটাই সাফল্য লাভ করেছে যে সব মিলিয়ে বক্স অফিসকে তিনি আয় করিয়ে দিয়েছেন পাঁচশ’ কোটি টাকারও বেশি। এই তিনটি সিনেমাই মুক্তি পাওয়ার স্বল্প সময়ের মধ্যেই পৃথক পৃথকভাবে দুইশ’ কোটির ক্লাবে নাম লিখিয়ে নিয়েছে। আর এর আগের দু’টো সিনেমা ‘রেস টু’ এবং ‘ককটেল’ও ব্যবসায়িক দিক থেকে ব্যাপক সাফল্য অর্জন করেছে।এ তো গেল তার সিনেমার ব্যবসায়িক সাফল্যের কথা। সবগুলো সিনেমাতেই অভিনয় দিয়েও সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। গত এক বছরে ‘ককটেল’ সিনেমায় সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ অন্যান্য সিনেমাগুলোতেও বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক পুরষ্কার পেয়েছেন। পেয়েছেন সমালোচকদের পুরস্কারও।

২০০৮ সালে ‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশের পর থেকে এ পর্যন্ত পাঁচ বছরে পুরষ্কার পেয়েছেন ৩৯টি। মনোনয়ন পেয়েছেন প্রায় পঞ্চাশটি। এছাড়াও সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় তার সর্বশেষ সিনেমা ‘গলিয়ো কি রাসলীলা: রাম-লীলা’য় অভিনয়ের পরে কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন পর্যন্ত দীপিকার অভিনয়ের সুখ্যাতি করেছেন, কিংবা করতে বাধ্য হয়েছেন!

শুধু তাই নয়, প্রথম সিনেমাতে সহ-অভিনেতা হিসেবে বলিউডের কিং খান শাহরুখকে পাশে পেয়েছিলেন তিনি। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। রনবীর কাপুর, সাইফ আলী খান, রনবীর সিং, অক্ষয় কুমারের মতো খ্যাতিমান অভিনেতাদের একের পর এক নিজের বিপরীতে পেয়েছেন তিনি। বর্তমানে কাজ করছেন ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার, সেখানেও বিপরীতে পাচ্ছেন সেই শাহরুখকেই। বলা যায়, বলিউডের সফল সব অভিনেতার জন্যই তাদের নিজেদের বিপরীতে দীপিকাই এখন আরাধ্য নায়িকা!

আবার, ‘ধুম’-এর মতো অ্যাকশন সিনেমায় অভিনয়ের জন্য যেমন দক্ষতার প্রয়োজন, ‘চাঁদনী চক টু চায়না’য় অ্যাকশন সিনেমায় অভিনয়ের মাধ্যমে একাধিক পুরষ্কারের জন্য মনোনয়ন পেয়ে প্রমাণ করেছেন সেই দক্ষতাও।

কাজেই বোঝাই যাচ্ছে যে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য যে সমস্ত শর্ত পূরণ করতে হয়, প্রাথমিকভাবে তার সবগুলোই এরই মধ্যে পূরণ করে ফেলেছেন দীপিকা। কাজেই, পরবর্তী সিক্যুয়াল ‘ধুম ৪’ এ যদি প্রধান অভিনেত্রীর চরিত্রে দীপিকাকে দেখা যায়, তাহলে অবাক হওয়ার কিছুই নেই! সূত্র: টাইমস্‌ অব ইন্ডিয়া।

You may also like

Leave a Comment