নিজস্ব প্রতিবেদক : সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ বলেছেন, বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদ জনবিচ্চিন্ন হয়ে এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে আমার বিজয় ছিনিয়ে নিতে চান। এজন্য তারা প্রকাশ্যে সভা-সমাবেশে হুমকি দিচ্ছেন। এমপির লোকেরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন, ভোট আনারসে দিলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নৌকাকে পাস করানো হবে। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে একটি জনসভায় এমপি ইমরান আহমদের উপস্থিতিতে জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ‘আনারসে ভোট দিলেও ফলাফল যাবে নৌকার পক্ষে’। এমপির সমর্থকরা আমার ভোটারদের ভোট কেন্দ্র না যাওয়ার জন্য ভয়ভিতি দেখাচ্ছে। তাঁরা ভোটের দিন ফলাফল অনুকুলে না গেলে কেন্দ্র দখলেরও হুমকি দিচ্ছে। তাদের এসব আচরনে এলাকার সাধারণ মানুষের মনে অজানা আতংক দেখা দিয়েছে। আর আতংকের ফলে ভোটের দিন সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে নাও যেতে পারেন এমন আশংকাও করেছেন তিনি।
তিনি রবিবার নগরীর একটি অভিযাত হোটেলে এক জনাকির্ণ সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
এসময় যুক্তরাষ্ট্রস্থ শেখ কামাল স্মৃতি পরিষদের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ফারুক আহমদ আরো অভিযোগ করেন, নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে তাঁর প্রতিদ্বন্ধি প্রার্থী ও বর্তমান এমপি ইমরান আহমদ নির্বাচনী আচরণবিধি লঙ্গন করে আসছেন। আচরণ বিধি লঙ্গন করে প্রতিদিন দুপুর ২টার আগে ও রাত ৮টার পরেও মাইক ব্যাবহার করা হচ্ছে। বিভিন্ন এলাকায় শোডাউন করা হচ্ছে। পুলিশ প্রটোকল নিয়ে এমপি জনসভা ও গণসংযোগ করছেন। তাঁর কর্মী সমর্থকদের প্রতিনিয়ত হুমকি ধমকি দেয়া হচ্ছে। আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদেরও জামায়াত-শিবির কর্মী বলে পুলিশ দিয়ে হয়রানি করানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এসব বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেও কোন ফল পাচ্ছেন না।
এসময় তিনি নিবাচন কমিশন, নির্বাচনের দ্বায়িত্বে নিয়োজিত দেশপ্রেমিক সেনাবাহিনী, আইন-শৃংখলা বাহিনী সহ প্রশাসনের সংশ্লিষ্ট সকল বিভাগ ও কর্মকর্তাদেরকে সিলেট-৪ আসনে একটি ‘লেভেল প্লেইন ফিল্ড’ তৈরি করে দেয়ার দাবী জানান।
সংবাদ সম্মেলনে জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নূরুল হাসান, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান লালা মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুকুর রহমান, জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহিবুল হক মেম্বার, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
