সিলেটের খবর ডেস্ক:সিলেটের দক্ষিণ সুরমায় এক ব্যাক্তির ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় জনতার ধাওয়ায় দুবৃর্ত্তরা একটি মোটর সাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।
বুধবার বিকাল ৪ টায় দক্ষিণ সুরমার ক্বীন ব্রীজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
আক্রান্ত ব্যক্তি সিলেট ফেঞ্চুগঞ্জ সারকারখানার শ্রমিক মো. আব্দুর রব (৫৫)। তিনি লালদীঘির পাড়ের ইসলামী ব্যাংক শাখা থেকে দুই লক্ষ টাকা উত্তোলন শেষে পায়ে হেটে বাসটার্মিনাল এলাকায় আসার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন।
আব্দুর রব জানান, ৪/৫ টি মোটর সাইকেলযোগে আসা ১০/১২ জন অস্ত্রধারি ছিনতাইকারী তার গতিরোধ করে। পরক্ষণেই দুবৃর্ত্তরা তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ব্যাগে থাকা টাকা লুটে নেয়। দুবৃর্ত্তদের হাত থেকে বাঁচতে আব্দুর রব চিৎকার করলে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে আসেন। লোকজন ছিনতাইকারীদের আটক করার চেষ্টা করলে তারা একটি হিরো ফ্যাশন প্লাস মোটরসাইকেল সড়কে ফেলে পালিয়ে যায়।
পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ মোটর সাইকেলটি উদ্ধার করে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
