জন্মদিনে দুই টিভি চ্যানেলে আঁখি

by News Room

সিলেটের খবর ডেস্ক:সংগীতশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন কাল। জন্মদিনে দুটি টিভি চ্যানেলে সরাসরি হাজির হবেন এই সংগীতশিল্পী। এগুলোর একটি হচ্ছে চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ আর অন্যটি হচ্ছে আরটিভির ‘তারকালাপ’। জন্মদিনের এমন আয়োজনে দর্শক-শ্রোতাদের সঙ্গে থাকতে পারবেন বলে আঁখি আলমগীরও বেশ উচ্ছ্বসিত।
এ প্রসঙ্গে আঁখি জানিয়েছেন, ‘জন্মদিন উপলক্ষে এমনিতে পারিবারিকভাবে আয়োজন থাকে। আর টিভি অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকার মাধ্যমে দর্শকদের কাছেও নিজের অনুভূতির কথাগুলো শেয়ার করা যায়। এর আনন্দ একেবারেই অন্যরকম।’
আঁখি আলমগীর এখন তাঁর নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছেন। নতুন অ্যালবামটির নাম রেখেছেন ‘বোকা মন’। অ্যালবামটি হবে আঁখির ১৮তম একক অ্যালবাম। সবকিছু ঠিক থাকলে সামনের পয়লা বৈশাখে অ্যালবামটি প্রকাশিত হবে। এরই মধ্যে অ্যালবামটির টাইটেল গান ‘বোকা মন’-এর মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে।
আঁখির নতুন এই একক অ্যালবামে গান থাকছে ১২টি। অ্যালবামটির দুটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার সংগীত পরিচালক বিশ্বরূপ ঘোষ। অ্যালবামের অন্য গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন, জেকে ও কিশোর। আর গানগুলোর কথা লিখেছেন খোশনুর, শওকত আলী ইমন, রবিউল ইসলাম জীবন ও শহীদ।

১৯৮৪ সালে ‘ভাত দে’ ছবিতে অভিনয় করে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আঁখি আলমগীর। ১৯৯৭ সালে তাঁর প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়। এ পর্যন্ত তাঁর ১৭টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। চলচ্চিত্রের গানেও নিয়মিত কণ্ঠ দিয়ে যাচ্ছেন আঁখি আলমগীর। এ পর্যন্ত ১২৫টিরও বেশি ছবিতে গান গেয়েছেন তিনি।

You may also like

Leave a Comment