ক্যান্সার হাসপাতাল নির্মাণে হুমায়ুন পরিবারের সম্মিলিত উদ্যোগ চান শাওন

by News Room


  নিউজ ডেস্ক: অর্থাভাবে নয় উদ্যোক্তার অভাবে হুমায়ূন আহমেদ ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। তিনি আরো বলেন, ক্যান্সার হাসপাতাল অনেক বড় ব্যাপার। আমার একার পক্ষে এত বিশাল দায়িত্ব নেয়া সম্ভব না। হুমায়ুন আহমদের পরিবারের পক্ষ থেকে সম্মিলিত উদ্যোগ ছাড়া এটা বাস্তবায়ন সম্ভব না। গাজীপুরে নুহাশপল্লীতে অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, হুমায়ূন আহমেদের স্বপ্ন ক্যান্সার হাসপাতাল তৈরিতে সবার সহযোগিতা দরকার।

গাজীপুরের নূহাশ পল্লীতে নানা আয়োজনে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭১ তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে
১৩ নভেম্বর সকালে শাওন, তাদের দুই ছেলে নিশাদ, নিনিতসহ স্বজন ও ভক্তদের নিয়ে নুহাশ পল্লীতে কেক কাটেন। এর আগে লেখকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেহের আফরোজ শাওন আরো বলেন, নূহাশ পল্লীতে হুমায়ূন আহমেদ যাদুঘর নির্মাণ করা হবে।
এই যাদুঘরের স্থান নির্বাচন ও ডিজাইন করা  হয়েছে।

শাওন বলেন, স্বপ্নের নুহাশপল্লীতে একটি স্মৃতি যাদুঘরের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে এর একটি ডিজাইনও করা হয়েছে। আমি নিজে একজন স্থপতি হিসেবে হুমায়ূন আহমেদের সমাধির ডিজাইন ও একটি স্কুলের ডিজাইন করেছি।

শাওন আরো বলেন, যাদুঘর করার ব্যাপারে পরিবারের সবার সম্মতির জন্য অপেক্ষা করছি। বিষয়টি হুমায়ূন আহমেদের পরিবারের সবাইকে জানানো হয়েছে। আশা করছি খুব শিগগিরই আমরা সম্মতি পাব এবং হুমায়ূন আহমেদ স্মৃতি যাদুঘর নির্মাণ শুরু হবে।

তিনি জানান, শিক্ষা বিস্তারের ব্যাপারে হুমায়ূন আহমেদের একটা প্রচণ্ড আগ্রহ ছিল। ওনার গ্রামে কোনো মাধ্যমিক স্কুল ছিল না। সে হিসেবে তিনি তার গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া কুতুবপুরে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য। এ স্কুলটির নাম শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিনে সবচে বড় যে সুখবর সেটা হচ্ছে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলটি নিন্ম মাধ্যমিক পর্যন্ত এ বছর এমপিওভূক্ত হয়েছে।

এর আগে নিষাদ ও নিনিতকে নিয়ে হুমায়ূন আহমেদের কবর জিয়ারত, ফাতেহা-পাঠ ও মোনাজাত করেন। পরে নুহাশপল্লীতে হোয়াইট হাউসের পাশে স্থাপিত হুমায়ূন আহমেদের ম্যুরালের সামনে আপেল গাছ তলায় হুমায়ুন আহমেদের ৭১তম জন্মদিনের কেক কাটে তার দুই ছেলে নিষাদ ও নিনিত।

এসময় শতাধিক হুমায়ূনভক্ত ভক্ত, গণমাধ্যমকর্মী ও নুহাশপল্লীর কর্মচারীরাসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা জানাতে আসা হুমায়ুন আহমেদের কয়েকজন ভক্ত বলেন, পল্লীতে আসলে মনে হয় যেন হুমায়ূন আহমেদকে খুঁজে পাই। আমাদের মাঝে না থাকলেও আমাদের হৃদয়ে সবসময়ই তিনি বিরাজ করছেন। তাই শুধু এই বিশেষ দিনে নয়, ভক্তরা হুমায়ুনকে সারাবছরই স্মরন করে থাকেন।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯শে জুলাই তিনি মৃত্যু বরণ করেন। পরে গাজীপুরের নুহাশ পল্লীতে তাকে সমাহিত করা হয়।

Image result for হুমায়ূন আহমেদ ক্যান্সার হাসপাতাল
Image result for হুমায়ূন আহমেদ ক্যান্সার হাসপাতাল
Image result for হুমায়ূন আহমেদ ক্যান্সার হাসপাতাল

You may also like

Leave a Comment