সিলেটের খবর ডেস্ক:সব জনমত জরিপকে ভুল প্রমাণ করে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ফলে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনই দ্বিতীয় মেয়াদে দায়িত্বে ফিরছেন। ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে ইতোমধ্যেই ৬৪৬টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা যায়, কনজারভেটিভরা ৩২৭ আসনে জয়ী হয়েছে। বাকি চারটি আসনও তারাই পাচ্ছে। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬ আসন প্রয়োজন।অন্যদিকে লেবার পার্টি ২৩২, লিবারেল ডেমোক্র্যাট পার্টি ১২ এবং স্কটিশ ন্যাশনাল পার্টি বা এসএনপি ৫৬ আসনে জয়ী হয়েছে। বাকি আসনগুলো পেয়েছে অন্যান্য দলগুলো।তবে নির্বাচনের আগে যে জনমতগুলো প্রকাশিত হয়েছিল তাতে বলা হয়, কনজারভেটিভ পার্টি পপুলার ভোট কিছুটা বেশি পেলেও দলটি লেবার পার্টির প্রায় সমান আসন পাবে। নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। অবশ্য নির্বাচনের আগে সর্বশেষ একটি জরিপে বলা হয়, চূড়ান্ত ফলাফলে কনজারভেটিভ বা টোরি পার্টি ৩১৬টি এবং লেবার পার্টি ২৩৯টি আসন পাবে। জরিপে আরো বলা হয়, লিব ডেমস পার্টি পাবে ১০টি, এসএনপি ৫৮টি, প্যালিড কাইমারু ৪টি এবং ইউকিপ ও গ্রীন পার্টি পাবে দুটি করে আসন।জয়ের পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ‘আমার মনে হয় এটা সব বিজয়ের চেয়ে বেশি মধুর।’শুক্রবার রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করে নিজ দলের জয়ের খবর জানিয়ে এসেছেন ক্যামেরন।১৯৯২ সালের পর এই প্রথম একক সংখ্যাগরিষ্ঠতা পেল কনজারভেটিভ পার্টি। মার্গারেট থ্যাচারের পর ক্যামেরনই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি টানা দ্বিতীয়বার জয়ী হলেন।ব্রিটেনের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হওয়ার পর ভোটগ্রহণ শেষ হয় রাত ১০টায়। ভোটগণনা শুরু হয় ১১টা থেকে। নির্বাচনে দলের পরাজয় স্বীকার করে পদত্যাগ করছেন প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রধান এড মিলিব্যান্ড, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান ও উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ ও ইউরোপীয় ইউনিয়নবিরোধী দল ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টির (ইউকেআইপি) প্রধান নিগেল ফ্যারেগ।
ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথেই স্কটল্যান্ডের স্বাধীতার প্রসঙ্গটি আবার সামনে চলে এসেছে।গত বছরের সেপ্টেম্বরে গণভোটে সামান্য ব্যবধানে স্কটিশ স্বাধীনতার দাবিটি নাকচ হয়ে গেলেও বৃহস্পতিবারের নির্বাচনে স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে সোচ্চার স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) ভূমিধস জয়ের পর ভবিষ্যত ব্রিটিশ রাজনীতির কেন্দ্রবিন্দুতে আবার এ ইস্যুটি চলে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।এবারের নির্বাচনে স্কটল্যান্ডের ৫৯টি আসনের মধ্যে ৫৬টিতে জয় পাচ্ছে এসএনপি।
