সিলেটের খবর ডেস্ক :
‘গুজব’ ছড়ানোর অভিযোগে করা মামলায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।
রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম দিদার হোসাইন নতুন দিন ধার্য করেন।
প্রসঙ্গত, নিরাপদ সড়ক নিয়ে শিক্ষার্থীদের গণআন্দোলনের সময় গত ৪ আগস্ট কাজী নওশাবা নিজের ফেসবুক থেকে অত্যন্ত আবেগি কণ্ঠে লাইভ ভিডিও সম্প্রচার করে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার তথ্য ছড়িয়ে দেন যা গুজব বলে জানা যায়। ফেসবুক লাইভে তিনি বলেন, জিগাতলায় চারজনকে মেরে ফেলা হয়েছে, একজনের চোখ উপড়ে ফেলা হয়েছে। ওই সময় আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ওইদিন জিগাতলায় এরকম কোনো ঘটনা ঘটেনি।
পরে গুজব সৃষ্টির অভিযোগে ওইদিন রাতেই উত্তরা থেকে নওশাবা আহমেদকে আটক করে র্যাব। এর পরদিন ৫ আগস্ট র্যাব-১ এর কর্মকর্তা আমিরুল ইসলাম বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ সালের ৫৭(২) ধারায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নওশাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তারপর তথ্যপ্রযুক্তি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
৫ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল হক তাকে চারদিনের পুলিশ রিমান্ডের আদেশ দেন। প্রথম দফায় রিমান্ড শেষে ১০ আগস্ট আবারও নওশাবাকে দুইদিনের পুলিশ রিমান্ডের আদেশ দেন একই অদালত।
এরপর ২০১৮ সালের ২১ আগস্ট পাঁচ হাজার টাকা মুচলেকায় নওশাবা সিএমএম আদালতে জামিনে মুক্তি পান।
