রানাপ্লাজার রেশমা চরিত্রে পরীমনি

by News Room
সিলেটের খবর ডেস্ক:পৃথিবীর ইতিহাসে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভবনধসের ঘটনা ঘটে গত বছরের ২৪ এপ্রিল। সেই ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর অলৌকিকভাবে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় পোশাককর্মী রেশমাকে। এবার সেই রেশমাকে কেন্দ্র করে ‘রানাপ্লাজার রেশমা’ নামে চলচ্চিত্র নির্মাণ করছেন তরুণ পরিচালক নজরুল ইসলাম খান।

এ সর্ম্পকে পরিচালক বলেন, ‘রানাপ্লাজার রেশমা’ মূলত একটি প্রেমকাহিনীভিত্তিক চলচ্চিত্র। একজোড়া তরুণ-তরুণীর জীবন সংগ্রামের মধ্যে রানাপ্লাজার ট্র্যাজেডিকে সুন্দর পরিপূর্ণভাবে তুলে আনা হবে।’

সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ জানুয়ারি থেকে এফডিসিতে ছবিটির শ্যুটিং শুরু হবে। ইতিমধ্যে এফডিসির কড়ইতলায় শ্যুটিংয়ের জন্য একটি বস্তির সেটও নির্মাণ করা হয়েছে। আর সেই সেটটি নির্মাণ করছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পনির্দেশক কলন্তর।

ছবিটির পরিচালক সূত্রে জানা যায়, ছবিতে বিস্ময়কন্যা রেশমার চরিত্রে অভিনয় করছেন নবাগত নায়িকা পরীমনি। তার বিপরীতে অভিনয় করছেন নায়ক সায়মন।

এছাড়া ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- আবুল হায়াৎ, মিজু আহমেদ, শিরিন আলম, প্রবীর মিত্র, কাবিলাসহ আরো অনেকে। প্রযোজনা প্রতিষ্ঠান এমএ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য ‘রানাপ্লাজার রেশমা’ ছবির কাহিনী, সংলাপ লিখেছেন মুজতবা সউদ। চিত্রগ্রহণ করবেন এমএইচ স্বপন।

You may also like

Leave a Comment