ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের হামলায় গাজায় ইহুদিবাদী ইসরাইলের ১৫ সেনা নিহত এবং তিনটি সামরিক যান ধ্বংস হয়েছে। খবর প্রেস টিভি’র।
হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
এতে বলা হয়েছে, গাজা থেকে সুড়ঙ্গপথে দক্ষিণাঞ্চলীয় ইসরাইলি শহর এশকোলে চালানো অতর্কিত হামলায় ইহুদিবাদী ইসরাইলের ছয় সেনা নিহত হয়েছে।
ইজাদ্দিন আল-কাসসাম বিগ্রেডের ১২ সদস্য নিয়ে গঠিত একটি নির্বাচিত ইউনিট এ হামলা চালিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সুড়ঙ্গপথে চালানো অপর দুই হামলায় আরো সাত ইসরাইলি সেনা নিহত হয়েছে।
এছাড়া ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি এক একটি গাড়ি উড়িয়ে দিলে এক মেজর নিহত হয়। নেগেব মরুভূমির দিমোনা শহরে আরেক ইসরাইলি সেনা নিহত হয়েছে।
হামাসের দেয়া হিসাব অনুসারে গাজায় ইসরাইলি বাহিনীর স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে কমপক্ষে ১৬ ইহুদিবাদী সেনা নিহত হয়েছে।
অবশ্য ইসরাইল এ পর্যন্ত কেবল মাত্র তিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে।
আল-কাসসাম ব্রিগেডের বিবৃতিতে বলা হয়, একজন ছাড়া বাকি সব হামাস যোদ্ধা অভিযান শেষে নিরাপদে গাজা ফিরেছেন।
এদিকে, টানা ১২ দিনের ইসরাইলি আগ্রাসনে প্রায় সাড়ে তিনশ’ ফিলিস্তিনি নিহত ও ২,৫০০ আহত হয়েছেন।
