খুনীদের কোনো ছাড় দেয়া যাবে না- জালালাবাদ থানার ওপেন হাউস ডে’তে উপ পুলিশ কমিশনার (উত্তর) এজাজ আহমদ

by News Room
ডেস্ক রিপোর্ট: জালালাবাদ থানার ওপেন হাউস ডে’তে মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) এজাজ আহমদ বলেছেন, মদিনা মার্কেট ও কালিবাড়ি এলাকায় সম্প্রতি যে দুটি খুনের ঘটনা ঘটেছে, এর সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। খুনের সাথে ছাত্রলীগ ও ছাত্রদল যেদলের লোকই জড়িত থাকুক, খুনীদের কোনো ছাড় দেয়া যাবে না। খুনীকে অবশ্যই গ্রেফতার করতে হবে।

সোমবার দুপুরে সিলেটে জালালাবাদ থানার ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জালালাবাদ থানার ওসি গৌছুল হোসেনের সভাপতিত্বে ও ওসি তদন্ত মনিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ ও জালালাবাদ থানার এসি রাজন।

ওপেন হাউস ডে’তে প্রধান অতিথি উপ কমিশনার এজাজ আহমদ থানাকে নির্দেশ দেন জালালাবাদ থানাধীন সকল প্রধান সড়কের দুই পাশের অবৈধ দোকানপাট অবিলম্বে উচ্ছেদ করার। রমজান মাসে ছিনতাইরোধে চিহ্নিত ছিনতাইকারিদের দেখলেই গ্রেফতার করারও নির্দেশ দেন তিনি। কুমারগাঁও বাস স্টেশন এলাকা এখনও যানজটমুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এজাজ।

ওপেন হাউস ডে’তে গোলাম হোসেন নামের এক ব্যক্তি অভিযোগ করেন, ৫ নম্বর মোগলগাঁও ইউনিয়নে ডাকাতির ঘটনা ঘটছে প্রায়ই। কিন্তু পুলিশ প্রশাসন যথাযথ ভূমিকা নিচ্ছে না।

পাশাপাশি আরেকজন ব্যক্তি অভিযোগ করেন স্থানীয় ৩ নম্বর ব্রীজের উপর মাদক ব্যবসা চলছে। কিন্তু পুলিশ নীরব ভূমিকা পালন করছে।

মাদক ব্যবসার অভিযোগের প্রেক্ষিতে জালালাবাদ থানা পুলিশ জানায়, শিবের বাজার এলাকায় মাদক ব্যবসা বন্ধ করতে পুলিশের মনিটরিং জোরালো আছে।

You may also like

Leave a Comment