গোলজার আহমদ হেলাল : রাঙামাটি ভ্রমণ শেষে ফিরলাম চট্রগ্রাম শহরে। অবলোকন করলাম চিটাগং নগরীর অলি গলি। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি টিলা আর সবুজ গাছ গাছালী পরিবেষ্টিত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ঘুরলাম মনের আনন্দে। প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর ড: জামাল নজরুল ইসলাম ও তাঁর গবেষণা কেন্দ্র দেখলাম। উঁচু নিচু পাহাড়ের টিলা আর বন জঙ্গল সত্যিই এক মনোমুগ্ধকর দৃশ্য ও অপূর্ব ক্যাম্পাস। ঠিক তেমনি ভাবে সৌন্দর্যের আধার চট্রগ্রাম বেসরকারী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম মহানগর এলাকায় ঐতিহাসিক ঐতিহ্যবাহী ও প্রাচুর্যে সমৃদ্ধ অনেক স্থাপনা ও মনোরম দৃশ্য দেখার অপার সুযোগ লাভ হয়েছে আমাদের।
আমবাগান আর মতিহারের সবুজ চত্বরের ক্যম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয় ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব আধাঁর চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নীলাভ পৃথিবীর সবুজ পরিবেশের অনিন্দ্য সুন্দর মিল খুঁজে পাওয়া যায়। শেষ বিকেলের পড়ন্ত সূর্যের নিভু নিভু আলো সত্যিই মুগ্ধ করার মত।
চট্রগ্রাম নগরীতে ঘোরাফেরা শেষে সিলেট ফেরার পালা। চট্টগ্রাম থেকে ট্রেনে ফিরতি যাত্রা শুরু হলো। ভাঙা ভাঙা হৃদয় নিয়েও গান কাউকে আটকাতে পারে নি। অনেক গল্প অনেক আনন্দ আর হাসিখুশির মধ্য দিয়ে এ যাত্রায় সিলেট পৌছালাম।
সবুজের শহর বলে খ্যাত সিলেট শহরে পা দেয়ার সাথে সাথে অন্য রকম এক অনুভূতি জাগ্রত হয়। প্রাণের শহর সিলেটে যেন জীবন জাগ্রত হয়। অন্য জায়গায় কয়েকদিন থেকে সিলেট শহরের স্পর্শ পেলে এ রকম অনুভূত হয় সকলের। প্রিয় মানুষগুলোর কয়েকদিনের ভ্রমণ যেন অসাধারণ জীবন কাহিনী হয়ে উঠল। প্রিয় সালেহ, আশিক,জাকির, সুমন সিদ্দিকী, মহি উদ্দিন ফয়সাল, আমিনুর রহমান, মোতালেব ভাই, রুপন ভাই, মহসিন ভাই, লিটু ভাই আর বীর চট্রলার জিয়া ভাই অনেকেই নিজ নিজ যোগ্যতায় স্ব স্ব স্থানে সুউচ্চ মর্যাদায় অবস্থান করছেন। সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, উকিল, ব্যংকার, ব্যবসায়ী ও প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সবাই এখানে আছেন।
আমরা সবাই তরুণ। তারুণ্য কে কিছু দিয়ে আটকানো যায় না। নৌকা দিয়ে সমুদ্র জয় আমরা করেছি। ভিতরে ভিতরে ভয় থাকলেও মহাসাগরের উত্তাল তরঙ্গ মালা আর সমুদ্রের উত্তাল ঢেউ কাউকে বিচলিত করেনি।
ধেঁয়ে আসা অথৈ জলরাশি তারুণ্য আর যৌবনকে পরাভূত করতে পারে নি। জীবন নদীর বাঁকে বাঁকে রচিত হয় জীবনেতিহাস।রচিত হয় একেকটি সভ্যতার ভিত্তি।
লেখক:নির্বাহী সম্পাদক, দৈনিক আলোকিত সিলেট।
সহ-সভাপতি, সিলেট অনলাইন প্রেসক্লাব।
