ডেস্ক রিপোর্ট:: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন মার্সিয়া স্টিফেন্স ব্লুম বারনিকাট। তিনি ড্যান ডব্লিউ মোজেনার স্থলাভিষিক্ত হচ্ছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ২২ মে এক ঘোষণায় তার নিয়োগ চূড়ান্ত করেছেন।
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে শনিবার সকালে এই ঘোষণার কথা জানানো হয়েছে।
রাষ্ট্রদূত মার্সিয়া এসবি বারনিকাট পেশা জীবনে পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা এবং মন্ত্রীর পরামর্শক ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবসম্পদ বিভাগের উপ সহকারী সচিব হিসাবে কর্মরত আছেন। এই পদে তিনি ২০১২ সাল থেকে বহাল আছেন।
এর আগে ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত তিনি সেনেগাল ও গিনি-বিসাউ এর রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন। ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক অফিস পরিচালক হিসাবে তিনি ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভুটানে কাজ করেছেন।
২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ব্রিজটাউন, বার্বাডোস এর যুক্তরাষ্ট্র দূতাবাসের মিশন উপ-প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।
এর আগে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি লিলঙ্গু, মালাউইয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের মিশন উপ-প্রধান হিসাবে নিযুক্ত ছিলেন।
১৯৮৮ থেকে ১৯৯০ সাল পুর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক অধিদপ্তরে ভারত ও নেপালের ডেস্ক অফিসার হিসাবে কাজ করেছেন।
পেশা জীবনের শুরুর দিকে বারনিকাট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ও ফ্রান্সের মার্সেই এর কন্স্যুলার অফিসার জন হোয়াইটহেডের বিশেষ সহকারী হিসাবে কাজ করেছেন।
বারনিকাট লাফায়াতে কলেজ থেকে বি এ এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
