238
নিজস্ব প্রতিবেদক:জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে তার ফাঁসির দণ্ডাদেশ কার্যকরে কোনো বাধা রইল না।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার আবেদন গ্রহণের শুনানি শেষে এ রায় দিয়েছেন।
কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার সব প্রস্তুতি যখন সম্পন্ন ঠিক এর কিছু সময় আগে আসামিপক্ষের আইনজীবীরা রায় স্থগিত রাখার আবেদন করেন। মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত রায় কার্যকর স্থগিত করেন। বুধ ও বৃহস্পতিবার ফাঁসির রায় কার্যকর করার স্থগিতাদেশ এবং রিভিউ আবেদনের গ্রহণযোগ্যতা প্রশ্নে শুনানি হয়।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আসামিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও খন্দকার মাহবুব হোসেন শুনানিতে অংশ নেন।
