205
নিজস্ব প্রতিবেদক
দেশের ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম রবিবার সাংবাদিকদের বলেছেন, এসব জেলায় নতুন করে পরীক্ষা নেয়া হবে।
তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সাত সেট প্রশ্নের মধ্যে ‘হুয়াংহু’ ও ‘মেসিসিপি’ সেট ফাঁস হয়েছে বলে তদন্তে প্রমাণ মিলেছে।
জেলাগুলো হলো- ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, লালমনিরহাট ও নারয়ণগঞ্জ। এসব হুয়াংহু সেটে পরীক্ষা হয়েছিল। এছাড়া সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর, খুলনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে মেসিসিপি সেটে পরীক্ষা হয় ।
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত করতে গত ১২ নভেম্বর একটি কমিটি গঠন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ১৭ জেলার পরীক্ষা বাতিল করা হলো।
গত ৮ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে সরকারী শিক্ষক নিয়োগে এক হাজার ৩৬২টি কেন্দ্রে লিখিত পরীক্ষা হয়। এতে নয় লাখ ৬৮ হাজার ১২৭ জন অংশ নেন।
পরীক্ষার আগের রাতে দেশের বিভিন্ন জেলায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করে। বেশ কয়েকটি সেটের প্রশ্নে ওই পরীক্ষা নেয়া হয়।
প্রাক-প্রাথমিক শ্রেণিতে প্রায় সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগে গত ২ জুলাই বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
