করদাতা বাড়াতে বড় ধরনের ধাক্কা দেয়া হবে: অর্থমন্ত্রী

by News Room

সিলেটের খবর ডেস্ক: প্রস্তাবিত বাজেটে করদাতা বাড়াতে বড় ধরনের ধাক্কা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার এই বাজেট প্রস্তাব করা হয়েছে। এতে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৪৩ কোটি টাকা। বাজেটের সার্বিক ঘাটতি ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা।

বাজেটে সাড়ে ৪১ হাজার কোটি টাকার নতুন করারোপের প্রতি ইঙ্গিত করে অর্থমন্ত্রী বলেন, প্রতিবছর করতাদা বাড়ছে কিন্তু গতি বাড়ছে না। তাই করদাতা বাড়াতে প্রস্তাবিত বাজেটে বড় ধরনের ধাক্কা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কালো টাকা নিয়ে বলার কিছু নেই। কারণ, এ বিষয়ে আয়কর আইনেই স্পষ্ট করে লেখা আছে। তাই আমি কালো টাকা নিয়ে কোনো বক্তব্য দিতে চাই না।’

বাজেট বাস্তবায়ন প্রসঙ্গে মুহিত বলেন, বাজেট বাস্তবায়ন একটি বড় সমস্যা। তবে বর্তমানে এক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। গত অর্থবছরে বাজেট বাস্তবায়নের হার ছিল ৯৬ শতাংশ।সিমকার্ডে অতিরিক্ত শুল্ক আরোপসহ মোবাইলফোন ব্যবহারের খরচ বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সেক্টর অনেক উন্নতি করেছে। শুল্ক আরোপের ফলে গ্রাহকদের সমস্যা হবে, আমার তা মনে হয় না।’এ সময় অর্থমন্ত্রী বলেন, বাজেটে প্রস্তাবিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সাত শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে রাজস্ব আয় বেশি হারে বাড়ানোর প্রয়োজন রয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, বাংলাদেশ ব্যাংক (বিবি) গর্ভনর ড. আতিউর রহমান, মন্ত্রিপরিষদ সচিব প্রমুখ।

You may also like

Leave a Comment