করোনাভাইরাস পরীক্ষায় ১১৬ জনের নমুনা নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এ কার্যক্রম শুরু করা হয়।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, ইতোমধ্যে চার ঘণ্টায় আমাদের কাছে করোনাভাইরাসের পরীক্ষা করার জন্য প্রচুর নমুনা এসেছে। প্রথমে তিনটি লেভেলের প্রসেস শেষে পিসিআর মেশিনে দেয়ার পর ১৪৫ মিনিট সময় লাগবে এই টেস্ট করতে। সব মিলিয়ে চার ঘণ্টা লাগবে এই টেস্ট সম্পন্ন করতে। এক সঙ্গে ৯৬টি নমুনা পরীক্ষা করা যাবে। চার ঘণ্টা পর পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। বিকেলের মধ্যে সিলেট বিভাগের চার জেলা থেকে আরও অনেক নমুনা আসবে বলেও তিনি জানান।
সিভিল সার্জন আরও জানান, দুপুরে এমএজি ওসমানী মেডিকেল কলেজে পিসিআর মেশিনের মাধ্যমে পরীক্ষা শুরু করা হয়েছে। ধারণক্ষমতা অনুযায়ী প্রথমবারে ৯৪টি ও এরপর থেকে ৯৬টি নমুনা পরীক্ষা করা যাবে। তবে সিলেটে শনাক্তকরণ পরীক্ষা হলেও প্রথম দিকে পরীক্ষার ফলাফল সিলেট থেকে দেয়া হবে না। পরীক্ষার ফলাফল পাঠানো হবে আইইডিসিআরে। তারা প্রতিদিনের ব্রিফিংয়ে এই রিপোর্টগুলো প্রকাশ করবে।
তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আজ সিলেটে করোনাভাইরাস শনাক্তের ল্যাবের জন্য ২০ জোড়া জুতা প্রদান করেছেন। যা আমাদের ল্যাবের জন্য খুবই দরকারি ছিল। এ জন্য মেয়রকে আন্তরিকভাবে ধন্যবাদ।
