সিলেটের খবর ডেস্ক:সন্ধ্যা সাতটায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ভাষণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক সঙ্কট নিয়েই মূলত কথা বলবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জনগণকে সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় ভোটাধিকার প্রয়োগের আহবান জানাবেন। সরকারের নানামুখি সফলতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে আবারও জয়যুক্ত করার জন্য দেশবাসীর প্রর্তি আর্জি জানাবেন।
বিরোধী দলের সহিংস বিরোধিতার মুখেও আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অটল রয়েছে সরকার। এছাড়া সুশীল সমাজ তথা নাগরিক সমাজের পক্ষ থেকেও সব দলের অংশ গ্রহণের স্বার্থে আগামী ৫ জানুয়ারির নির্বাচন স্থগিত করার তাগিদ দেওয়া হয়েছে। অনুরূপ তাগিদ কূটনৈতিক মহল ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদারদের তরফেও এসেছে। কিন্তু সংবিধানিক ধারাবাহিকতা রক্ষার যুক্তিতে সরকার ৫ জানুয়ারির নির্বাচনের ব্যাপারে অনড় রয়েছে।তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।
