নিউজ ডেস্ক:সিলেটে অপহরণের পর স্কুল ছাত্র হত্যার ঘটনায় এক পুলিশ সদস্যসহ ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার সকালে নিহতের বাবা আব্দুল মতিন বাদি হয়ে এসএমপির কোতয়ালী থানায় এ মামলাটি দায়ের করেন।
শনিবার রাতে এসএমপির বিমান বন্দর থানার কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র আবু সাঈদের (৯) বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। কোতয়ালী থানার ওসি আসাদুজ্জামান জানান, বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর রহমান, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের সোর্স গেদা মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২-৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে রোববার দুপুরে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক শাহেদুল করিমের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর রহমান।
গত বুধবার বেলা সাড়ে ১১টায় স্কুল থেকে ফেরার পথে আবু সাঈদ অপহরণের শিকার হয়। এর পর থেকে অপহরণকারীরা তার পরিবারের সদস্যদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিলো । পুলিশ ও র্যাব মোবাইল ট্য্রাকিংয়ের মাধ্যমে পুলিশ সদস্যসহ তিন জনকে আটক করলে তারা সাঈদকে খুনের কথা স্বীকার করে।
