সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

by News Room

স্টাফ রিপোর্টারঃ সিলেটের পরিবহন সেক্টরের শীর্ষ সংগঠন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (১৪১৮)-এর ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের জন্য কদমতলি কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কুমারগাঁও বাস টার্মিনালসহ নগরির বিভিন্ন স্ট্যান্ডে ১০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। সংগঠনের তালিকাভূক্ত ৭ হাজার ১৪৪ জন ভোটারের মধ্যে ৪৬১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ইউনিয়নের নির্বাচন পরিচালনার লক্ষ্যে ইতিপূর্বে গঠিত ৫ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মতিন চৌধুরী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫টি পদের মধ্যে ১৩টিতে নির্বাচন হয়েছে। সভাপতি পদে বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক এবং কোষাধ্যক্ষ পদে বর্তমান কোষাধ্যক্ষ শামসুল ইসলাম মানিক বিনাপ্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হন। গুরুত্বপূর্ণ এ উভয় পদে ২ জন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও প্রতিদ্বন্ধীরা শেষপর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করায় ফলিক-মানিককে নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে হয়নি।
১৩টি পদের মধ্যে কার্যকরী সভাপতি পদে মোঃ তেরা মিয়া (জাহাজ) পুনঃনির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ২১০৯। এ পদে একমাত্র প্রতিদ্বন্ধী নুর মিয়া (বটগাছ) পেয়েছেন ১৬৫৮ ভোট। সহ-সভাপতির ১টি পদে বিজয়ী শাহ জামাল আহমদের (ডাব) প্রাপ্ত ভোট ৮১৩। একই পদে অপর ৭ জন প্রার্থীর মধ্যে নিকটতম প্রতিদ্বন্ধী ছাতা প্রতীকের মানিক মিয়া পেয়েছেন ৬৫৮ ভোট। বর্তমান সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রফিক (বাইসাইকেল) ২৮৩৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজওয়ানকে (দোয়াত-কলম) হারিয়ে পুনঃনির্বাচিত হয়েছেন। রেজাউল পেয়েছেন ১২০৯ ভোট। বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান (কুঁড়েঘর) ২৫০৮ ভোট পেয়ে একই পদে পুনঃনির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্ধী এমরান আহমদ (চেয়ার) পেয়েছেন ১১৩৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে নতুন মুখ মোমবাতি প্রতীকের প্রার্থী ময়নুল ইসলাম ময়না পেয়েছেন ১৫১১ ভোট। ১২১৩ ভোট পেয়ে বর্তমান সহ-সাধারণ সম্পাদক আব্দুস ছালাম (লাইটেস) হেরে গেছেন। ১৪৬৭ ভোট লাভ করে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আবুল হাসনাত (কলস)। তার প্রতিদ্বন্ধী আব্দুল মুহিম (হাতুড়ি) পেয়েছেন ১০০৭ ভোট। প্রচার সম্পাদক হিসেবে জয়লাভ করেছেন আয়নাল উদ্দিন (টিয়াপাখি)। তাঁর প্রাপ্ত ভোট ১৭৩৫ ভোট। ১৬৩৮ ভোট পেয়েছেন প্রতিদ্বন্ধী আব্দুল খালিক লাকি (তালাচাবি)। ৬টি সদস্য পদে প্রতিদ্বন্ধী ১৯ জনের মধ্যে বিজয়ী হয়েছেন আতাউর রহমান সেলিম (প্রজাপতি)। তার প্রাপ্ত ভোট ১৭১১। হরিণ প্রতীকের প্রার্থী সোয়েব আহমদ পেয়েছেন ১৫৫০ ভোট। ১৫৩৯ ভোট পেয়ে মকবুল হোসেন বাদল (ঘোড়া), হারিছ আলী (টেবিলফ্যান) ১১৮৮ ভোট, সোহেল আহমদ (মিনার) ১১১১ ভোট এবং লিটন আহমদ (কুকড়া লাটি) ১০৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ২৮৩৯ ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ রকিব উদ্দিন রফিক। গত শনিবার গভীর রাতে নির্বাচন কমিশন অনানুষ্ঠানিক ফল ঘোষণা করে। তবে আগামী ১৭ মার্চ মঙ্গলবার বিকেল ৪টায় নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।
এদিকে, শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ এবং সুষ্ঠুভাবে ভোট গণনায় সহযোগিতা করার জন্য নির্বাচন কমিশন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (১৪১৮)-এর এবারে প্রার্থী, সমর্থক ও সর্বস্তরের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মতিন চৌধুরী, নির্বাচন কমিশনার আহমদ-আল হাকিম, নির্বাচন কমিশনের সদস্য অশোক বিজয় দেব, মারুফুজ্জামান ও আব্দুর রহিম এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব মোঃ আলী আছকর সেলিম এক যুক্তবিবৃতিতে ইউনিয়নের ঐতিহ্য ও সুনাম রক্ষায় সর্বস্তরের পরিবহন শ্রমিক ভূমিকা পালন করায় তাদের প্রতি অভিনন্দন জানান।

You may also like

Leave a Comment