নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যদি বিরাজ করে তাহলে বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে যেতে পারে। তবে নির্বাচনের যাওয়ার বিষয়ে সিদ্বান্ত হবে দলীয় ফোরাম ও ২০ দলীয় জোটের বৈঠকে। শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। নির্বাচন বিষয়ে সব সময়ে ইতিবাচক। সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই ভিসি বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে সুস্থ অবস্থায় ফেরত দিতে হবে। বিএনপি নির্বাচনে অংশ নিলে আন্দোলনের কোন পরিবর্তন হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এমাজ উদ্দিন বলেন, যদি নির্বাচনে অংশ নেয় তাহলে আন্দোলনের রুপ রেখা পরিবর্তন হতে পারে বলে আমি মনে করি। এর আগে ৭টা ২৫ মিনিটে ড. এমাজ উদ্দিনের নেতৃত্বে পেশাজীবীদের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। প্রতিনিধি দলে ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক ড. মাহফুজ উল্লাহ, প্রফেসর আ ফ ম ইউসুফ হায়দার, তাহমিনা আক্তার পপি, প্রফেসর মামুন হোসেন ও সাংবাদিকদের সংগঠন ডিইউজে সভাপতি কবি আব্দুল হাই শিকদার।
সুষ্ঠু পরিবেশ বিরাজ করলে নির্বাচনে অংশ নিতে পারে বিএনপি : এমাজ উদ্দিন
170
