পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেনের পত্নী বিশিষ্ট সমাজসেবী সেলিনা মোমেন বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস তৈরী করতে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। আমরা আর সড়ক দুর্ঘটনায় কোন প্রাণ অকালে ঝরে পড়ুক সেটা চাইনা।
বৃহস্পতিবার, (৩০ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের এমপি ড. একে আব্দুল মোমেনের সিলেট অফিসে সড়ক দুর্ঘটনা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিনা মোমেন আরো বলেন, সিলেটে ইদানিং সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে যা খুবই উদ্বেগ জনক। তিনি বলেন, সিলেট নগরীর মধ্য দিয়ে ট্রাক চলাচল অবশ্যই বন্ধ করতে হবে।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদারুল আলম নবেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন আহমদ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেটের সভাপতি মানিক মিয়া, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক ছাত্র নেতা শাওন প্রমুখ।
পরে সেলিনা মোমেন- মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন।
