সাবেক এমপি হোসনে আরা ওয়াহিদ আর নেই

by News Room

মৌলভীবাজার প্রতিনিধি:
সাবেক সংসদ সদস্য (এমপি) এবং মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসনে আরা ওয়াহিদ ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

সোমবার (৬ এপ্রিল) বেলা আড়াইটার দিকে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে পৃথিবীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। সেখানে তাঁর নিয়মিত ডায়ালসিস চলছিলো বলে জানা গেছে।

হোসনে আরা ওয়াহিদ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদের সহধর্মীনি। মৃত্যুকালে স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

হোসনে আরা ওয়াহিদ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বন ও পরিবেশমন্ত্রী শাহাবুদ্দিন আহমদ এমপি, মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার ও হবিগঞ্জ মহিলা সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক এমপি সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহউর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, সদর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব প্রমুখ।

You may also like

Leave a Comment