নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশে দেশে ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এ সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সাকিব বলেন, ‘আকরাম খানের মৌখিক অনুমতি নিয়ে আমি সিপিএলে খেলতে দেশ ছেড়েছিলাম। এরপর যা ঘটেছে, তার সবই ভুল বোঝাবুঝি।’
তিনি বলেন, ‘বিসিবির নির্দেশ পেয়ে সিপিএল না খেলেই আমি দেশে ফিরে এসেছি।’
তার বিরুদ্ধে আনা অভিযোগেরও জবাব দেওয়ার চেষ্টা করেন সাকিব। বলেন, ‘আমি কোনো ভুল করিনি। বোর্ডের সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে সমস্যা তৈরি হয়েছে। এখন আলোচনা করলেই সব ঠিক হয়ে যাবে।’
এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমি খেলা ছেড়ে দেব কেন? আইপিএল জেতার পর দেশে এসে বলেছিলাম- আইপিএল জিতে যে মজা পেয়েছি তার চেয়ে বেশি মজা পাই দেশের হয়ে একটি ম্যাচ জিতলে। সো খেলা ছাড়ার তো প্রশ্নই উঠে না। আমি আগামী ২০৩০ সাল পর্যন্ত খেলতে চাই।’
উল্লেখ্য, বিসিবির অনাপত্তিপত্র না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পথে লন্ডনে বিরতি দেন সাকিব। এরপর বিসিবি তাকে ডেকে পাঠালে লন্ডন থেকেই আজ দেশে এলেন।
